‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে বিতর্ক থামছেই না। সারা দেশে মুক্তি পেলেও বাংলায় ছবি চলবে না বলে কার্যত নিশ্চিত। শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুক্তির দিন হলেও বৃহস্পতিবার পর্যন্ত বুক মাই শো-তে একটি স্ক্রিনিংও দেখা যায়নি।
অভিযোগ উঠছে, রাজনৈতিক চাপের কারণে রাজ্যের মাল্টিপ্লেক্স চেন এবং সিঙ্গল স্ক্রিন মালিকরা ছবিটি দেখাতে চাইছেন না। কলকাতার দুই জনপ্রিয় প্রেক্ষাগৃহ নবীনা ও প্রিয়ার মালিক অবশ্য বলছেন, তাঁরা আগে থেকেই অন্য ছবি রিলিজের সিদ্ধান্ত নিয়েছেন। একদিকে ‘বাঘি ৪’-এর বুকিং অনেক আগে থেকেই ঠিক, অন্যদিকে ‘ধুমকেতু’ এখন দারুণ ব্যবসা দিচ্ছে। তাই নতুন ছবি নিয়ে ভাবছেন না তাঁরা।
তবে ছবির প্রযোজক ও অভিনেত্রী পল্লবী যোশী বিষয়টিকে শুধু ব্যবসায়িক সিদ্ধান্ত হিসেবে দেখছেন না। বৃহস্পতিবার তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি খোলা চিঠি লিখে হস্তক্ষেপ চেয়েছেন। তাঁর দাবি, কোনও আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও রাজনৈতিক চাপের জেরে ছবির মুক্তি আটকে দেওয়া হচ্ছে। ইনস্টাগ্রামে তিনি চিঠিটি শেয়ার করে লেখেন, “আমার সাংবিধানিক অধিকার রক্ষার জন্য জরুরি হস্তক্ষেপ চাই। বাংলায় ছবি দেখানোর সুযোগ পাওয়া আমাদের অধিকার।”
চিঠিতে তিনি অভিযোগ করেন, ছবির কাজ শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী বিদ্রুপ করেছিলেন। এরপর ভিত্তিহীন এফআইআর দায়ের হয়, পুলিশ ট্রেলার প্রদর্শনী আটকে দেয়, এমনকি সংবাদপত্রগুলিও বিজ্ঞাপন নিতে অস্বীকার করে। তাঁর বক্তব্য, প্রেক্ষাগৃহ মালিকরা সরাসরি জানিয়েছেন যে ক্ষমতাসীন দলের কর্মীরা তাঁদের ভয় দেখাচ্ছেন।
পল্লবী আরও লিখেছেন, “এটা কোনও সাধারণ ছবি নয়। ডাইরেক্ট অ্যাকশন ডে, নোয়াখালীর ভয়াবহতা এবং বঙ্গভঙ্গের ট্রমার মতো চাপা সত্য তুলে ধরেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। ভারতমাতার কান্না, বেঁচে থাকা এবং আশার গল্প এতে আছে।” তিনি রাষ্ট্রপতির উদ্দেশে আরও জানান, অনেক বাঙালি সংগঠন এবং কিংবদন্তি অভিনেতা ভিক্টর ব্যানার্জি ইতিমধ্যেই এ বিষয়ে সমর্থন জানিয়েছেন।
শেষে পল্লবীর আবেদন, তিনি কোনও ছবির জন্য আলাদা সুবিধা চান না, বরং শিল্প, সত্য এবং সাংবিধানিক অধিকারের স্বার্থে বাংলায় মুক্তির সুযোগ চান।
আরও পড়ুনঃ বাথরুমে নিয়ে গিয়ে ধ’র্ষণ! অভিযুক্ত জনপ্রিয় টেলি অভিনেতা! পুলিশি হেফাজতে নেওয়া হল তাকে!
ছবিতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, শাশ্বত চট্টোপাধ্যায়, দর্শন কুমার, সিমরত কৌরসহ আরও অনেকেই অভিনয় করেছেন। তবুও এখন সবচেয়ে বড় প্রশ্ন, দর্শক আদৌ এই ছবি বাংলার প্রেক্ষাগৃহে দেখতে পাবেন কি না।





