রাকেশ রোশনের হঠাৎ অসুস্থতা: ঠিক কী হয়েছিল তাঁর মস্তিষ্কে? নিজেই জানালেন পরিচালক

বলিউড পরিচালক রাকেশ রোশন সব সময়েই ফিটনেসের জন্য পরিচিত। বয়স ৭৫ ছুঁয়েও শরীরচর্চা কোনও দিন বাদ দেন না তিনি। দিনে সাত রকমের ব্যায়াম, একেবারে নিয়ম মেনে জীবনযাপন। অথচ এত কিছুর পরেও সম্প্রতি আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।

১৬ জুলাই রাকেশ রোশনকে তড়িঘড়ি ভর্তি করতে হয় হাসপাতালে। প্রথমে তাঁকে আইসিইউ-তে রাখা হয়, পরে অবস্থার খানিক উন্নতি হলে সরিয়ে নিয়ে যাওয়া হয় সাধারণ বিভাগে। তাঁর মেয়ে সুনয়না জানিয়েছিলেন, বাবার ঘাড়ে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে। ছেলে হৃতিক রোশন ছুটে যান বাবার পাশে।

তবে ঠিক কী হয়েছিল? সেটা নিজেই খোলসা করলেন রাকেশ। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লেখেন, “একেবারেই কোনও উপসর্গ ছিল না। হঠাৎ জানতে পারি, আমার দু’টি ক্যারোটিড আর্টারিতে ঠিকমতো রক্ত প্রবাহিত হচ্ছে না। মস্তিষ্কের প্রায় ৭৫ শতাংশ অংশে রক্ত চলাচলে সমস্যা রয়েছে। বুঝেই দ্রুত হাসপাতালে ভর্তি হই এবং চিকিৎসকদের পরামর্শ মেনে প্রতিরোধমূলক ব্যবস্থা নিই।”

চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁকে যদি ঠিক সময়ে হাসপাতালে আনা না হত, তবে বড় বিপদ হতে পারত। রাকেশ জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ, বাড়ি ফিরে এসেছেন। বলছেন, “খুব শিগগিরই আমার রুটিন ওয়ার্কআউটে ফিরে আসব আশা করছি।”

তাঁর অভিজ্ঞতা থেকে রাকেশ রোশন একটা গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন অনুরাগীদের জন্য। তাঁর পরামর্শ, “৪৫ থেকে ৫০ বছরের বেশি বয়স হলে অবশ্যই একটি হার্ট সিটি স্ক্যান এবং ক্যারোটিড ব্রেন আর্টারির সোনোগ্রাফি করিয়ে নেওয়া উচিত। যাতে বড় কোনও বিপদ না ঘটে।”

এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—জীবন যতই নিয়ন্ত্রিত হোক না কেন, সতর্ক থাকা ছাড়া উপায় নেই। নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা যে কতটা জরুরি, তা আরও একবার বুঝিয়ে দিলেন রাকেশ রোশন।