রণবীর সিংয়ের বিরুদ্ধে ‘দৈব’ ব্যঙ্গের অভিযোগ! তোলপাড় সমাজ মাধ্যম! দ্বিতীয় এফ.আই.আর-এ আরও বিপাকে অভিনেতা!

ইফফি ২০২৪–এর ক্লোজিং সেরিমনির মঞ্চ যেন রণবীর সিংয়ের জন্য কাল হয়ে দাঁড়াল। ‘কান্তারা’–র জনপ্রিয় ‘দৈব’ সংস্কৃতির উপস্থাপনাকে ঘিরে তাঁর পারফরম্যান্স নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই ক্ষমা চাইলেও পরিস্থিতি আরও জটিল হয়েছে। বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেহতা এবার তাঁর নামে দ্বিতীয় অভিযোগ দাখিল করেছেন।

আইনজীবীর অভিযোগ অনুযায়ী, রণবীর সেদিন মঞ্চে পাঞ্জুলুরি ও গুলিগা দৈব চরিত্রের ক্যারিকেচার করে এমনভাবে উপস্থাপন করেছিলেন যা তাদের পবিত্রতা ও শিল্পের মর্যাদাকে হেয় করেছে। তিনি পুলিশে জানিয়েছেন, এই পারফরম্যান্স টুলু সম্প্রদায় এবং হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। অভিযোগে আরও দাবি করা হয়েছে যে অভিনেতা নাকি দৈবকে ‘মহিলা ভূত’ বলে উল্লেখ করেছিলেন, যা প্রশান্তের মতে উদ্দেশ্যপ্রণোদিত অপমান।

এর আগেই হিন্দু জনজাগৃতি সমিতির পক্ষ থেকেও একই অভিযোগে গোয়ার পানাজি থানায় FIR দাখিল করা হয়েছিল। প্রথম অভিযোগের পর রণবীর লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান যে তিনি সমস্ত ধর্ম, সংস্কৃতি ও আচারকে শ্রদ্ধা করেন। তাঁর উদ্দেশ্য ছিল কান্তারা–য় ঋষভ শেট্টির অসাধারণ পারফরম্যান্সকে মঞ্চে তুলে ধরা, অপমান করা নয়। তবু তাঁর ক্ষমা বহু মানুষের মন ভোলাতে পারেনি।

সম্প্রদায়ের একাংশের দাবি, রণবীর জেনে–বুঝেই এই পারফরম্যান্সে এমনভাবে আচরণ করেছেন যা আদিবাসী টুলু সংস্কৃতির বিদ্রুপ বলে মনে হয়েছে। তাই শুধু ক্ষমায় হবে না, অভিনেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে দুই পক্ষই। অভিযোগের চাপ বাড়ায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

এদিকে রণবীরের পরবর্তী ছবি ‘ধুরন্ধর’ মুক্তি পেতে চলেছে ৫ ডিসেম্বর। তাঁর সঙ্গে থাকছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না এবং আর মাধবন। ছবির পরিচালক আদিত্য ধর। বিতর্কের মাঝেই বড় পর্দায় রণবীরের নতুন চরিত্র কতটা সাড়া ফেলে, সেটাই নজরে।