বলিউড অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)-এর নতুন ছবি Dhurandhar The Revenge মুক্তির জন্য প্রস্তুত। সম্প্রতি ছবিটি ছাড়পত্র দিয়েছে সিবিএফসি (Central Board of Film Certification)। তবে ছবিতে অতিরিক্ত সহিংসতা ও কড়া ভাষা থাকায় এটিকে ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে, ফলে ১৮ বছরের নিচে কেউ এই ছবি প্রেক্ষাগৃহে দেখতে পারবে না।
ছবির মুক্তির আগে একাধিক পরিবর্তনের নির্দেশ দেয় সেন্সর বোর্ড। রিপোর্ট অনুযায়ী, ছবিটিকে উপযুক্ত করতে মোট ২১টি কাট এবং সংশোধন করতে হয়েছে নির্মাতাদের। এই প্রক্রিয়ায় প্রায় ১ মিনিট ৩৪ সেকেন্ডের ফুটেজ বাদ পড়েছে, যার প্রভাব পড়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যে।
বিশেষ করে কয়েকটি সহিংস দৃশ্যে বড়সড় কাটছাঁট করা হয়েছে। হাতুড়ি দিয়ে আঘাত, সিমেন্ট ব্লক দিয়ে হামলা এবং চোখে আঘাতের মতো দৃশ্য সংক্ষিপ্ত করা হয়েছে। এছাড়াও শিরশ্ছেদ ও লাথি মারার কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। ছবির শুরুতে দর্শকদের সতর্ক করতে ‘ডিস্টার্বিং কনটেন্ট’ এবং মাদক সংক্রান্ত বার্তাও যোগ করতে বলা হয়েছে।
শুধু দৃশ্য নয়, ছবির সংলাপেও পরিবর্তন আনা হয়েছে। কিছু অশালীন শব্দ মিউট বা বদলাতে হয়েছে। এমনকি দু’টি চরিত্রের নামও পরিবর্তন করা হয়েছে। সাবটাইটেলে কিছু তথ্য সংশোধন এবং নির্দিষ্ট উল্লেখের ক্ষেত্রে অনুমতিপত্র জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে নতুন মোড়! বনলতার স্বীকারোক্তিতে উত্তাল অনুভবের পরিবার!
এত কাটছাঁটের পরও ছবির দৈর্ঘ্য কমেনি। প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিট দীর্ঘ এই ছবি আগের পর্বের তুলনায় আরও বড়। এখন দেখার, এত বিতর্ক ও প্রত্যাশার মাঝে এই ছবি বক্স অফিসে কতটা সাফল্য পায়।





