‘ডন ৩’ বিতর্কে চাপে রণবীর সিংহ! নিষেধাজ্ঞার দাবিতে সরব এফডব্লিউআইসিই!

বলিউড অভিনেতা রণবীর সিংহ-কে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। ফরহান আখতারের ছবি ডন ৩ থেকে তাঁর সরে দাঁড়ানোর খবর সামনে আসার পরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সোমবার ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় বা এফডব্লিউআইসিই অভিনেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তোলে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত ইন্ডাস্ট্রির কেউ যেন তাঁর সঙ্গে কাজ না করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে নানা আলোচনা শুরু হলেও এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রণবীর সিংহ। তবে তাঁর মুখপাত্র জানিয়েছেন, অভিনেতা ইচ্ছাকৃতভাবেই নীরব রয়েছেন। তাঁর মতে, পেশাগত বিষয়গুলি পারস্পরিক সম্মান বজায় রেখেই মেটানো উচিত। পাশাপাশি ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ি এবং ইন্ডাস্ট্রির সকলের প্রতি রণবীরের শ্রদ্ধার কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ উঠেছে, রণবীর সিংহ হঠাৎ করেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে যান। এই সিদ্ধান্তের আগে তাঁকে নোটিস পাঠানো হয়েছিল বলেও দাবি করেছেন নির্মাতারা। পরে এফডব্লিউআইসিই-এর তরফে জানানো হয়, ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিলে তবেই অভিনেতার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। যদিও এই নিয়ে রণবীরের পক্ষ থেকে সরাসরি কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বর্তমানে অভিনেতার সমস্ত মনোযোগ নিজের কাজ এবং ভবিষ্যতের প্রজেক্টগুলির দিকে রয়েছে বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র। বিতর্কের মাঝেও সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা যায় রণবীর সিংহ-কে। সাদা কুর্তা-পাজামা, নেহরু জ্যাকেট, চোখে সানগ্লাস এবং মুখে মাস্ক পরে বিমানবন্দরে পৌঁছন তিনি।

কড়া নিরাপত্তার মধ্যে গাড়ি থেকে নামলেও সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি অভিনেতা। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, পুরো বিষয়টি শান্তভাবে এবং সৌজন্য বজায় রেখেই সামাল দিতে চান তিনি। এখন দেখার, ডন ৩ বিতর্কের এই পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়।