‘আমি জন্মই নিতে চাইনি!’ ভারতী সিংয়ের মায়ের বিস্ফোরক স্বীকারোক্তিতে আবেগের জোয়ার, হাসি-আঁখিজল মিলিয়ে জন্মদিন উদযাপন”

‘লাফটার শেফ’ মঞ্চে আবেগঘন মুহূর্ত! জন্ম নিতে চাননি ভারতী? মায়ের মুখে জীবনের কঠিন সত্য। রিয়েলিটি শো ‘লাফটার শেফ সিজন ২’ বরাবরের মতোই স্বাদ ও হাসির ডালি নিয়ে হাজির হয় দর্শকদের সামনে। তবে এবারের পর্ব ছিল একেবারে অন্যরকম। কারণ, এই পর্বে উদযাপন করা হল কমেডি কুইন ভারতী সিংয়ের জন্মদিন, যা রীতিমতো আবেগের জোয়ার বইয়ে দিল শোয়ের মঞ্চে।

শুধু বন্ধুবান্ধব বা সহকর্মী নন, এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন ভারতীর সবচেয়ে প্রিয় মানুষগুলো—তাঁর মা, শাশুড়ি এবং শ্বশুর। রিয়েলিটি শো-র মঞ্চে এই প্রথমবার দেখা গেল ভারতীর পরিবারকে। তাঁদের উপস্থিতি দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি ভারতী, চোখ ভিজে এল আবেগে।

পর্বের শুরুটা ছিল যথারীতি সুস্বাদু। শেফ হরপাল সিং সোখি প্রতিযোগীদের ‘আম পাপড় চাট’ ও ‘রোস্টেড আম পান্না’ বানাতে বলেন। পরে একে একে ভিডিও বার্তার মাধ্যমে ভারতীকে জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা—কপিল শর্মা, জেসমিন ভাসিন, চন্দন প্রভাকর সহ আরও অনেকে।

তবে সবচেয়ে আবেগময় মুহূর্তটি আসে তখনই, যখন ভারতীর মা মঞ্চে প্রবেশ করেন। রাহুল তাঁকে প্রশ্ন করেন, গর্ভাবস্থায় তিনি কী খেতেন। প্রশ্নের উত্তরে ভারতীর মা অকপটে বলেন, ‘‘ভারতী আমার তৃতীয় সন্তান। সেই সময় পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে আমি চাইনি ও জন্মাক। কিন্তু শেষপর্যন্ত কোনও ডাক্তার বা নার্স ছাড়াই আমি একাই ওকে জন্ম দিই।’’

এই আবেগঘন জবাবে একটু হাস্যরস যোগ করেন কৃষ্ণা অভিষেক। তিনি মজা করে বলেন, ‘‘তা হলে চিকিৎসকরাও কি ভারতীকে স্বাগত জানাতে রাজি ছিলেন না?’’

আরও পড়ুনঃ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক! “বাংলায় বলার কী দরকার?” — উত্তরে ক্ষুব্ধ নেট দুনিয়া

এই পর্বেই ভারতী বলেন, ‘‘জন্মদিন তো অনেক বার পালন করেছি, কিন্তু এরকম করে কখনও নয়। আমার পরিবার, ইন্ডাস্ট্রির বন্ধু, গোলা (পুত্র), সকলেই একসঙ্গে এক সেটে—এই দিনটা সারাজীবন মনে থাকবে। আমার জন্য রান্না, পুরনো স্মৃতিচারণা, আর এত ভালোবাসা… আমি কাঁদছিলাম, হাসছিলাম, আবেগে ভেসে যাচ্ছিলাম।’’ এই পর্ব প্রমাণ করে দিল, রিয়েলিটি শো মানেই শুধু প্রতিযোগিতা নয়, জীবনের বাস্তব গল্পও কখনও কখনও হয়ে ওঠে আসল আকর্ষণ।