একটা মুহূর্তেই যেন সব বদলে গেল। আগের রাতেও যিনি হাসতে-খেলতে ঘরভরতি ছিলেন, পরদিন সকালেই তাঁর আর কোনও চিহ্নই রইল না… ঠিক এই অনুভবেই ডুবে রয়েছেন অভিনেতা পরাগ ত্যাগী। স্ত্রী শেফালী জরিওয়ালার হঠাৎ মৃত্যু যেন ওঁর জীবনে এক গভীর শূন্যতা তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় শুধু শেফালীর সঙ্গে কাটানো মধুর মুহূর্তগুলোই ভেসে উঠছে, যেন সেই স্মৃতিতেই তিনি বাঁচছেন এখন।
গত ২৭ জুন রাতের ঘটনা। অসুস্থ হয়ে পড়েছিলেন শেফালী। দ্রুত তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের কুপার হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানিয়ে দেন, অভিনেত্রী আর নেই। বয়স মাত্র ৪২। প্রথমে শোনা যায়, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু। কিন্তু এরপর নানা জল্পনা— ফোরেন্সিক টিম এসে বাড়িতে তদন্ত করল, আলোচনা উঠল বয়স ধরে রাখতে ব্যবহার করা কিছু ওষুধ নিয়েও। এমনকী, পরাগকেও শুনতে হল কটাক্ষ।
তবে এই সবকিছুর মধ্যেও পরাগ ঠিক খুঁজে নিচ্ছেন সেই মানুষটিকে যাঁকে তিনি ভালোবেসেছিলেন। রবিবার সকালে ইনস্টাগ্রামে একটি পুরনো ভিডিয়ো ভাগ করে নেন তিনি। সেই ভিডিয়োয় দেখা যায়, শেফালী তাঁর বোনঝি আর বোনপো— আর্যা আর কিয়ানের সঙ্গে দারুণ মজা করছেন। কখনও ক্যামেরা ফিল্টার ব্যবহার করে একে অপরের মুখে গোঁফ বসিয়ে দিচ্ছেন, কখনও পা দিয়ে কান ধরার কসরত। আবার কখনও খালি শেফালীর কোলে গা এলিয়ে আদর নিচ্ছে দুই খুদে।
ভিডিয়োটার ক্যাপশনে পরাগ লেখেন, “পরি— বিশ্বের সেরা মাসি! আর্যা আর কিয়ান ওদের মজাদার মাসির সঙ্গে দারুণ সময় কাটাচ্ছে।” এরপর আরও একটা কথা— যা শুনলেই বোঝা যায় শেফালীর প্রতি কতটা মমতা আর ভালোবাসা জড়িয়ে ছিল পরাগের জীবনে। তিনি লেখেন, “জীবনের প্রতিটা ভূমিকায় পরি অসাধারণ ছিল। সব সময় শুধু ভালোবাসা আর আনন্দ বিলিয়ে গিয়েছে। ও বাচ্চাদের খুব ভালোবাসত, সবসময় খেলত, সময় কাটাত।”
আরও পড়ুনঃ ঠোঁট ফুলে ঢোল! কী হয়েছিল উর্ফী জাভেদের মুখে? উদ্বেগে অনুরাগীরা, জানালেন সব খোলাখুলি
পরাগ জানিয়েছেন, এই পুরনো মুহূর্তগুলো তিনি ফিরে ফিরে দেখছেন, এবং শেয়ার করছেন শুধু তাঁদের সঙ্গে যাঁরা সত্যিই শেফালীকে মন থেকে ভালোবাসতেন।
শেফালী নাকি মা হতে চেয়েছিলেন, এমনটাই জানাচ্ছেন পরাগের ঘনিষ্ঠরা। হয়তো সে স্বপ্ন অপূর্ণই রয়ে গেল, কিন্তু যাঁদের ছুঁয়ে গিয়েছেন— তাঁদের হৃদয়ে “পরি” হয়েই চিরকাল থেকে যাবেন শেফালী।





