‘সাইয়ারা’ রিলিজের পর থেকেই দেশজুড়ে এক অন্যরকম উত্তেজনা। কেউ চোখের জল ফেলছেন, কেউ প্রেক্ষাগৃহে অজ্ঞান হয়ে যাচ্ছেন—আবার কেউ প্রেমিক বা প্রেমিকাকে কোলে তুলে সিনেমা হলেই ভালোবাসার মুহূর্ত উদযাপন করছেন।
মোহিত সুরি পরিচালিত এই রোমান্টিক ড্রামা যেন দর্শকের হৃদয়ে তোলপাড় ফেলে দিয়েছে। অহান পাণ্ডে ও অনিত পাড্ডার অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই মন ছুঁয়ে গেছে যে, বাস্তবেই চোখে জল ধরে রাখতে পারছেন না দর্শকেরা।
সোশাল মিডিয়ায় একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে—এক যুবক হাসপাতালের আইভি ড্রিপ লাগানো অবস্থায় সিনেমা দেখতে এসেছেন! সিনেমা দেখতে দেখতেই আবেগে ভেসে যাচ্ছেন তিনি। আর এসব দেখে নেটিজেনরাও হতবাক, কেউ কেউ তো আবার বলছেন—”এটাই তো সত্যিকারের প্রেম”।
কিছু দর্শকের চোখে জল, কেউ আবার থিয়েটারের মধ্যেই নিজেদের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে জড়িয়ে ধরছেন, আনন্দে-ভালোবাসায় আপ্লুত হয়ে পড়ছেন।
তাহলে কি সিনেমাটা কেবল কষ্টের গল্প? একেবারেই না! ‘সাইয়ারা’ শুধুই চোখের জল এনে দেয় না, বরং প্রেমের আনন্দও যেন বড় পর্দা থেকে বেরিয়ে এসে ছুঁয়ে যাচ্ছে দর্শকদের হৃদয়।
আর ব্যবসার দিক থেকেও সিনেমাটি বাজিমাত করেছে। স্যাকনিল্ক-এর রিপোর্ট বলছে, মুক্তির মাত্র তিনদিনেই সিনেমাটি বক্স অফিসে তুলে ফেলেছে ৮৩ কোটি টাকা!
আরও পড়ুনঃ চন্দ্রের গোপন বিবাহ ফাঁস কোর্টে! নিজের ছেলের বিপদ ডেকে আনলেন মা নিজেই! ‘চিরসখা’তে আজ দুর্দান্ত মোড়
‘আশিকি ২’-এর পরিচালক মোহিত সুরি আবারও প্রমাণ করলেন—প্রেমের গল্প ঠিকভাবে বলা গেলে দর্শক হৃদয় জয় করা খুব কঠিন কিছু নয়। ‘সাইয়ারা’ তার প্রকৃত উদাহরণ।
সিনেমা নয়, যেন এক জীবন্ত প্রেমকাহিনি… আর তাই হয়তো কেউই চোখের জল ধরে রাখতে পারছেন না।





