বলিউড তারকা সলমন খানকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। কিছুদিন আগেই পাপারাৎজিদের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেতা। অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও তোলা নিয়ে কড়া আপত্তি জানিয়েছিলেন তিনি। এমনকি এই কারণে আইনি সমস্যায় পড়লেও তিনি পিছিয়ে আসবেন না বলেও স্পষ্ট করে দিয়েছিলেন।
এর মধ্যেই আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সলমনের একটি ব্যক্তিগত ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, এক বন্ধুর বাড়িতে রাতের খাবার খাচ্ছেন অভিনেতা। সারাদিনের কাজের ক্লান্তি মুখে থাকলেও শান্তভাবে নিজের সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু সেই ঘরোয়া মুহূর্তই ক্যামেরাবন্দি হয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা।
ভিডিওটি সামনে আসতেই নেটপাড়ার একাংশ নানা মন্তব্য করতে শুরু করেন। কেউ দাবি করেন, অভিনেতা নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। আবার অনেকেই বলেন, ক্লান্তির কারণেই তাঁর চোখমুখ এমন দেখাচ্ছিল। এই ধরনের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন সলমন খানের অনুরাগীরা। তাঁদের বক্তব্য, একজন মানুষের ব্যক্তিগত জীবনকে এভাবে প্রকাশ্যে টেনে আনা ঠিক নয়।
গত দু’বছর ধরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান। সেই কারণেই বর্তমানে কড়া নিরাপত্তার মধ্যে থাকতে হয় তাঁকে। এমন পরিস্থিতিতে বাড়ির ভেতরের একটি ব্যক্তিগত ভিডিও বাইরে কীভাবে এল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে অভিনেতার ভক্তদের মধ্যে।
আরও পড়ুনঃ ছোটপর্দা থেকে বিরতি নিচ্ছেন জীতু কমল? অবশেষে মুখ খুললেন অভিনেতা!
ভিডিও ভাইরাল হওয়ার পর এক নেটিজেন লেখেন, “একজন মানুষের ব্যক্তিগত গোপনীয়তার সম্মান রাখা উচিত।” যদিও এই নতুন ভিডিও ফাঁসের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি সলমন খান। তবে গোটা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা এখন তুঙ্গে।





