বলিউডের কিং খান শাহরুখ খান শুধু ভারতেই নন, সারা বিশ্বে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে রয়েছে। সম্প্রতি সেই জনপ্রিয়তারই এক ঝলক দেখা গেল যখন অ্যাকাডেমিভি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিনীত ছবি ‘ওম শান্তি ওম’-এর একটি স্মরণীয় দৃশ্য শেয়ার করে। এই বিশেষ মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা নিজেও।
অস্কারের এই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে শাহরুখ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, এই স্মৃতি নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। একই সঙ্গে মজার ছলে জানান, এই সম্মান পেয়ে তাঁর এখন সত্যিই মনে হচ্ছে তিনি যেন গোটা বিশ্বের রাজা। তাঁর এই প্রতিক্রিয়া খুব দ্রুতই অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তৈরি করে নতুন উচ্ছ্বাস।
অ্যাকাডেমির শেয়ার করা ভিডিওতে ‘ওম শান্তি ওম’ ছবির সেই বিখ্যাত সংলাপটি তুলে ধরা হয়, যেখানে জীবনের প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে। এই ছবিটি পরিচালনা করেছিলেন ফারাহ খান এবং এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক হয়েছিল দীপিকার, যা তাঁর কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ সূচনা।
ছবিটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং বিশ্বজুড়ে বিপুল ব্যবসা করে। এতে আরও অভিনয় করেছিলেন অর্জুন রামপাল, কিরণ খের এবং শ্রেয়াস তালপাড়ে। আজও এই সিনেমার গান ও সংলাপ দর্শকদের কাছে সমান জনপ্রিয়, যা প্রমাণ করে এর দীর্ঘস্থায়ী প্রভাব।
আরও পড়ুনঃ মা হওয়ার পর শরীর নিয়ে কটাক্ষ! জোরালো জবাবে ট্রোলদের থামালেন পত্রলেখা পাল!
অন্যদিকে পেশাগত দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’ ছবির সাফল্যের পর এবার তিনি নতুন ছবি ‘কিং’-এ অভিনয় করতে চলেছেন। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সুহানা খান এবং অভিষেক বচ্চন-কে। সব মিলিয়ে, অস্কারের এই স্বীকৃতি যেন তাঁর সাফল্যের মুকুটে আরও এক নতুন পালক যোগ করল।





