‘ছেলেদের ঠিকভাবে মানুষ করতে পারলেই মেয়েরা নিরাপদ থাকবে’, স্পষ্ট বার্তা শেফালি শাহর!

অভিনেত্রী শেফালি শাহ সম্প্রতি এক পডকাস্টে মাতৃত্ব ও সন্তানদের বড় করে তোলা নিয়ে খোলামেলা কথা বলেছেন। লিলি সিংয়ের অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান সময়ে সমাজে ‘আলফা মেল’ নিয়ে এত আলোচনা চলার মাঝে তিনি কীভাবে নিজের দুই ছেলেকে মানুষ করছেন। সেই প্রসঙ্গে নিজের ভাবনা স্পষ্টভাবে তুলে ধরেন অভিনেত্রী।

শেফালির দুই ছেলে আর্যমান শাহ ও মৌর্য শাহ। তাঁদের মানুষ করার ক্ষেত্রে তিনি কোন মূল্যবোধ সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সেটাও জানিয়েছেন। অভিনেত্রীর মতে, ছেলেদের ছোট থেকেই শেখানো দরকার অন্য মানুষের সঙ্গে সম্মান দিয়ে ব্যবহার করতে। তিনি বলেন, মানুষ নিজের জন্য যেমন আচরণ আশা করে, অন্যের সঙ্গেও ঠিক তেমন ব্যবহার করা উচিত।

অভিনেত্রী আরও জানান, এই শিক্ষা খুব সাধারণ হলেও এর গুরুত্ব অনেক বেশি। তাঁর কথায়, কেউ যদি নিজে অসম্মানজনক আচরণ পছন্দ না করে, তাহলে অন্য কারও সঙ্গেও তেমন ব্যবহার করা উচিত নয়। তিনি মনে করেন, পরিবার থেকেই এই শিক্ষা শুরু হওয়া দরকার। তবেই ভবিষ্যতে সমাজে মেয়েরা আরও নিরাপদ থাকবে।

তবে সন্তানদের মানুষ করার ক্ষেত্রে তিনি নিজেকে পুরোপুরি সফল বলতেও রাজি নন। শেফালি বলেন, সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের মতামত তৈরি করবে এবং অনেক বিষয় নিয়ে প্রশ্ন তুলবে। একজন মা হিসেবে তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেক মানুষের নিজের আলাদা চিন্তাভাবনা থাকে বলেও মনে করেন অভিনেত্রী।

২০০০ সালে পরিচালক বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন শেফালি শাহ। তাঁদের দুই ছেলে রয়েছে। এর আগে অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। কাজের দিক থেকে সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে জনপ্রিয় সিরিজ ‘দিল্লি ক্রাইম’-এর তৃতীয় সিজনে, যেখানে আরও অভিনয় করেছেন হুমা কুরেশি, রসিকা দুগাল ও সায়নী গুপ্তা।