বলিউড অভিনেত্রী অনীত পাড্ডা সম্প্রতি ফ্যাশন ব্র্যান্ড ট্রেন্ডস-এর নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন। বিজ্ঞাপনটি লিখেছেন ও পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা রাহুল মোদী। এই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সোশ্যাল মিডিয়ায় সেটি শেয়ার করে প্রশংসা করেন। একই সঙ্গে অনীতের অভিনয় ও রাহুলের কাজেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।
ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি পোস্ট করে শ্রদ্ধা লেখেন, অনীত পাড্ডা কিউটনেস আর দারুণ অভিনয়ের অসাধারণ মিশ্রণ। শ্রদ্ধার এই পোস্টের উত্তরে অনীত মজার ছলে মন্তব্য করেন, চোরকে চোরই চেনে। এরপর শ্রদ্ধা আবার রাহুল মোদীর প্রশংসা করে জানান, এই লেখক-পরিচালক সত্যিই খুব প্রতিভাবান। তাঁদের এই কথোপকথন মুহূর্তে নজর কেড়েছে অনুরাগীদের।
বিজ্ঞাপনের গল্পেও রয়েছে হাসির ছোঁয়া। পরিবার বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর সেই সময় পোশাক নিয়ে এক মজার গোলমাল তৈরি হয়। ধোপার ভুল বোঝাবুঝিতে বাড়িতে পরার মতো জামাকাপড় না থাকায় সবাই বিপাকে পড়ে। তখন অনীত অভিনীত চরিত্র ট্রেন্ডস স্টোরে যাওয়ার পরামর্শ দেয়, আর সেখান থেকেই তৈরি হয় মজার পরিস্থিতি।
শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদীকে নিয়ে সম্পর্কের জল্পনা শুরু হয় ২০২৪ সালের শুরুতে। মুম্বইয়ে একসঙ্গে ডিনার করতে দেখা যাওয়ার পর থেকেই তাঁদের নিয়ে আলোচনা বাড়ে। যদিও দুজনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা জানাননি, তবু বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। সম্প্রতি তাঁদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে।
আরও পড়ুনঃ বিদেশ থেকে ফিরেই দুঃসংবাদ; প্রিয় সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়লেন সায়ক চক্রবর্তী!
কাজের ক্ষেত্রে শ্রদ্ধাকে শেষ দেখা গিয়েছিল স্ত্রী ২ ছবিতে। রাজকুমার রাও ও পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অভিনীত এই হরর কমেডি বক্স অফিসে বড় সাফল্য পায়। বিশ্বজুড়ে ছবিটি ৮৫০ কোটির বেশি ব্যবসা করে। ব্যক্তিগত জীবন ও কাজ, দুই ক্ষেত্রেই এখন চর্চায় রয়েছেন অভিনেত্রী।





