বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কপূরের ঝলমলে জীবনযাত্রা আজ কারও অজানা নয়। একের পর এক হিট ছবিতে অভিনয় করে তিনি নিজেকে মুম্বই ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। তবে অনেকেই জানেন না, অভিনেত্রী হওয়ার আগে একেবারেই অন্য রকম জীবনযাপন করেছেন শ্রদ্ধা। হাতে টাকা না থাকায় একসময় কফি বানানো থেকে শুরু করে স্যান্ডউইচ বিক্রি— সবকিছুই করতে হয়েছে তাঁকে। সম্প্রতি নিজের সেই পুরোনো দিনের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিলেন তিনি।
চাকরি খোঁজার অ্যাপে নিজের প্রোফাইল আপডেট করতে গিয়ে শ্রদ্ধা কপূর শুধু অভিনেত্রী বা উদ্যোগপতি হিসেবেই নিজেকে চিহ্নিত করেননি। তালিকায় যোগ করেছেন আরও দু’টি পরিচয়। তিনি জানিয়েছেন, একসময় কফি তৈরি করে এবং স্যান্ডউইচ বিক্রি করেই হাতখরচ চালাতেন। পড়াশোনার জন্য বিদেশে থাকার সময় কোনও নির্দিষ্ট আয়ের উৎস ছিল না, তাই নিজের খরচ মেটাতে তাঁকে ছোটখাটো কাজ করতে হয়েছে। সেই দিনগুলিই আজ তাঁর কাছে স্মৃতির মতো।
শ্রদ্ধা পড়াশোনা করেছেন বস্টন বিশ্ববিদ্যালয়ে। পরিবার বলিউডের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হলেও, খুব অল্প বয়সে অভিনয়ে ঝাঁপিয়ে পড়েননি তিনি। প্রথমে বিদেশে উচ্চশিক্ষা শেষ করে তারপর দেশে ফিরে আসেন। তবে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অর্থের টানাটানি সামলাতে তাঁকে কাজ খুঁজতে হয়। তখনই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক কফি প্রস্তুতকারক সংস্থায় চাকরি শুরু করেন শ্রদ্ধা। সেখানেই ওয়েটারের মতো কাজ করতেন তিনি।
কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, কফি বানাতে তেমন দক্ষ ছিলেন না। তাই তিনি মজা করে বলেন, “২০০৫ সালে বস্টনে পড়াশোনার সময় যাঁদের কফি বানিয়ে খাইয়েছি, তাঁদের সকলের কাছেই ক্ষমা চাইছি।” তবে কফি খারাপ হলেও স্যান্ডউইচ বানানোতে নাকি তিনি বেশ পারদর্শী হয়ে উঠেছিলেন। নিয়মিত কাজ করতে করতে খাবার বানানোর দক্ষতা বাড়িয়ে নিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ শুভশ্রীকে ‘লেডি সুপারস্টার’ আখ্যা দিতে নারাজ? লেডি সুপারস্টার শুনেই রেগে আগুন অরিত্র
আজকের শ্রদ্ধা কপূর বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন। প্রায় ১৩ বছরের পরিশ্রম ও ধৈর্যের জোরে তিনি নিজের জায়গা শক্ত করেছেন ইন্ডাস্ট্রিতে। কিন্তু তাঁর এই সাফল্যের পিছনে লুকিয়ে রয়েছে এক ভিন্ন লড়াইয়ের গল্প। কফি বানানো থেকে শুরু করে স্যান্ডউইচ বিক্রি— সেই সমস্ত অভিজ্ঞতাই তাঁকে আজকের শক্ত মনের মানুষ হতে সাহায্য করেছে।





