গোবিন্দা ও সুনীতা আহুজার দাম্পত্যে ফাটল ধরেছে কি না, তা নিয়ে কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে। যদিও এই বিষয়ে বারবার মুখ খুলে গুজব উড়িয়ে দিয়েছেন দুজনেই। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে সুনীতার পদবি ‘আহুজা’ হঠাৎ মুছে যাওয়ায় নতুন করে জল্পনার আগুনে ঘি পড়েছে। অনেকেই ধরে নিয়েছেন, বুঝি সত্যিই বিচ্ছেদ হয়ে গেছে।
এই বিষয়ে অবশেষে মুখ খুললেন সুনীতা নিজেই। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হ্যাঁ, আমি ‘আহুজা’ পদবি বাদ দিয়েছি এবং নিজের নামের সঙ্গে ‘এস’ যুক্ত করেছি। এই পরিবর্তন নিউরোলজিক্যাল কারণে করেছি। আমি নাম এবং খ্যাতি চাই।”
সুনীতার দাবি, এই নাম পরিবর্তনের পর তার জীবনেও পরিবর্তন এসেছে। “গত কয়েক মাসে দেখুন আমি কতটা ভাইরাল হয়েছি! সোশ্যাল মিডিয়ায় সর্বত্র আমার নামই ঘুরছে,” বলেন তিনি।
তবে পদবি বাদ দেওয়া মানেই যে সম্পর্ক শেষ— সে জল্পনা নস্যাৎ করেছেন তিনি। সুনীতার স্পষ্ট জবাব, “আমি আহুজা, এটা কখনোই বদলাবে না। এই পদবি তখনই মুছে যাবে, যখন আমি পৃথিবী ছেড়ে চলে যাব।”
বিবাহবিচ্ছেদের গুজব প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এক সুখী পরিবার। আমাদের তরফ থেকে কিছু না শোনা গেলে অনুগ্রহ করে মিথ্যে কিছু বিশ্বাস করবেন না।
আরও পড়ুনঃ অকালেই হারিয়েছেন ভাই মুকুল দেবকে, অভিনেতার মৃত্যুর আসল কারণ জানালেন অভিনেতা রাহুল দেব
এর আগে এক পডকাস্টে গোবিন্দার কেরিয়ারে পতন নিয়ে সুনীতা বলেন, “১৭ বছর ধরে গোবিন্দাকে পর্দায় দেখা যাচ্ছে না কেন? কারণ, তিনি ভুল মানুষদের মধ্যে রয়েছেন। এই নিয়েই আজ আমাদের ঝগড়া হয়েছে। কারণ আমি মিথ্যা বলতে পারি না, কাউকে খুশি করার জন্য সত্য চাপা দিতে পারি না।”
ইতিমধ্যেই এই সাক্ষাৎকারটি গোটা ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলে দিয়েছে।





