দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতে নিজের ছাপ রেখে গেছেন তিনি। চরিত্রের ভিন্নতায় নিজেকে যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, তা আজও অনেকে মনে রাখেন। সেই বহুমুখী প্রতিভার অভিনেতা এবার পাড়ি জমালেন না-ফেরার দেশে।
২২ জুন, ২০২৫ তারিখে প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জো মেরিনেলি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৮ বছর। তাঁর স্ত্রী জিন মেরিনেলি সংবাদটি শেয়ার করেছেন। জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই ভয়ানক দুটি ক্যানসারে ভুগছিলেন তিনি – গলা এবং পেটের ক্যানসার।
অভিনেতার দীর্ঘদিনের সহকারী জুলি স্মিথ জানিয়েছেন, বহু বছর ধরে এই মারণ রোগের সঙ্গে লড়াই চালিয়ে গেছেন জো। বিভিন্ন চিকিৎসা, সুস্থ থাকার চেষ্টা—সবই করেছিলেন তিনি, কিন্তু শেষরক্ষা আর হল না।
জো মেরিনেলি টেলিভিশনের জনপ্রিয় শো Guiding Light এবং General Hospital-এ তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। এছাড়া অস্কার-মনোনীত পরিচালক আলেকজান্ডার পেইনের Sideways ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে।
জো মেরিনেলির প্রয়াণে পরিচালক আলেকজান্ডার পেইন বলেন, “গ্রেট জো মেরিনেলি ৪০ বছর আগে আমার প্রথম সিনেমায় অভিনয় করেছিলেন। শুধু অসাধারণ অভিনেতা নন, তিনি ছিলেন এক বিরল হৃদয়ের মানুষ।”
৮০’র দশকের শেষ থেকে তাঁর খ্যাতির যাত্রা শুরু। অভিনয়ে পড়াশোনা করেন লস অ্যাঞ্জেলসের লয়োলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয়ে। এরপর লন্ডনের রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্টে (RADA) প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছিলেন নিজেকে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে।
পেছনে রেখে গেলেন তাঁর স্ত্রী জিন এবং দুই পুত্র, ভিন্সেন্ট ও ডেভিডকে। স্ত্রী জিনের সঙ্গে ছিল তাঁর ৩৪ বছরের দাম্পত্য। ছেলেরা বাবার শেষকৃত্যের সব দায়িত্ব সম্পন্ন করেছেন।
আরও পড়ুনঃ জি বাংলার শো-এ বুদ্ধির পরীক্ষায় শ্রাবন্তী, মিমি, পায়েল—কাকে সবচেয়ে ‘বোকা’ বললেন শুভশ্রী?
অভিনেতা জো মেরিনেলি আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর কাজ, তাঁর শিল্প – তা চিরকাল বেঁচে থাকবে দর্শকদের মনে।





