ফের খবরের শিরোনামে উর্ফী জাভেদ। তবে এবার কারণ তাঁর পোশাক বা খোলামেলা মতামত নয়, সরাসরি হুমকি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তাঁর কিছু ছবি বিকৃত করে ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে এক ব্যক্তির প্রোফাইল শেয়ারও করেছেন তিনি।
উর্ফীর কথায়, ওই ব্যক্তি শুধু হুমকি দিয়েই থেমে থাকেনি, ইতিমধ্যেই কিছু বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। চরম বিরক্তি প্রকাশ করে উর্ফী লিখেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না, প্রযুক্তিকে মানুষ এভাবে ব্যবহার করছে! এটা নিছক নোংরামি। আমি অবশ্যই অভিযোগ দায়ের করব। আর অন্য মহিলাদের বলব, ভয়ের কিছু নেই। অভিযোগ করুন। সমস্যার কারণ আপনারা নন, এই অসুস্থ মানসিকতার মানুষগুলোই সমাজের কলঙ্ক।”
উর্ফী সবসময়ই সরাসরি কথা বলতে পিছপা হন না। আগে বহুবার সমালোচনার মুখে পড়েও তিনি চুপ থাকেননি। এবারও ব্যতিক্রম হল না। তাঁর বার্তা একটাই— মেয়েরা ভয় না পেয়ে প্রতিবাদ করুন।
তবে এটাই প্রথম নয়। এর আগে এক কিশোরের আচরণ নিয়েও মুখ খুলেছিলেন উর্ফী। তখন তিনি লিখেছিলেন, রাস্তায় ছবি তুলছিলেন, হঠাৎ একদল কিশোর সেখানে দিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে একজন, যার বয়স ছিল সর্বোচ্চ ১৫, চিৎকার করে প্রশ্ন ছুঁড়ে দেয়— “কত জনের সঙ্গে সহবাস করেছ?” মায়ের সামনে দাঁড়িয়ে এই অপমান সইতে হয়েছিল তাঁকে। সেই ঘটনার কথা প্রকাশ্যে এনে উর্ফী জানিয়েছিলেন, বয়স যাই হোক না কেন, এ ধরনের আচরণ সমাজের কাছে একেবারেই অগ্রহণযোগ্য।
প্রশ্ন উঠছে, কেন বার বার উর্ফীকে টার্গেট করা হচ্ছে? তাঁর পোশাক, খোলামেলা জীবনযাপন বা স্পষ্টভাষী চরিত্র— কোনটা সমাজের কাছে এতটা অস্বস্তিকর? উর্ফী হয়তো সবার মতো নন, কিন্তু সেই স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। তবু তাঁকেই বারবার হেনস্থা হতে হচ্ছে।
উর্ফী নিজে অবশ্য ভেঙে পড়ার মানুষ নন। প্রতিটি ঘটনায় তিনি আরও সরব হচ্ছেন। তাঁর স্পষ্ট বার্তা— “নারীরা সমাজের বোঝা নয়, আসল বোঝা এরা যারা প্রযুক্তি আর নোংরা মানসিকতা দিয়ে মহিলাদের হেনস্থা করে।”
আরও পড়ুনঃ ‘ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে অঙ্ক কষে চলতেই হয়, তাতে যদি আমি…’- ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
বলতেই হয়, উর্ফী নিজের মতো করে লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়— সমাজ কি তাঁর পাশে দাঁড়াবে, নাকি চুপচাপ হেনস্থাকারীদের প্রশ্রয় দেবে?





