আন্ডারওয়ার্ল্ডের হু’মকি! কি ঘটলো অভিনেতার সঙ্গে? ভয়ংকর অভিজ্ঞতার কথা শোনালেন বরুণ ধাওয়ান!

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান সম্প্রতি এক পডকাস্টে তাঁর জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, একসময় তাঁদের বাড়িতে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকির ফোন আসত। তবে প্রথম দিকে বিষয়টির গুরুত্ব তাঁরা বুঝতে পারেননি, কারণ বাড়ির স্টাফ এই ফোনগুলোকে একেবারেই গুরুত্ব দিতেন না।

বরুণের কথায়, ফোন আসলে স্টাফ উল্টে তর্কে জড়িয়ে পড়তেন। শুধু তাই নয়, তিনি নাকি ফোনকারীদের বাড়ির ঠিকানাও বলে দিতেন। এমনকি চ্যালেঞ্জ ছুঁড়ে বলতেন, কোথায় দেখা করতে চাও বলো, না হলে বাড়িতেই চলে এসো। এই ধরনের আচরণ তখন পরিবারের কারও নজরেও আসেনি।

পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে যখন এক পরিচিত অভিনেতা ডেভিড ধাওয়ান-কে ফোন করে সতর্ক করেন। তিনি জানান, আন্ডারওয়ার্ল্ডের লোকজন অস্ত্র নিয়ে আসার পরিকল্পনা করছে এবং তাঁদের কাছে বাড়ির ঠিকানা ও সময়সূচি পৌঁছে গিয়েছে। এরপর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা শুরু হয়।

তদন্ত করে জানা যায়, বাড়ির স্টাফই অজান্তে সব তথ্য দিয়ে ফেলেছিলেন। বরুণ জানান, সেই সময় তাঁদের একদিন বাড়ির বাইরে থাকতেও হয়েছিল নিরাপত্তার জন্য। যদিও এখন এই ঘটনা শুনতে মজার লাগে, কিন্তু তখন পরিস্থিতি ছিল ভীষণ ভয়ঙ্কর।

এই প্রসঙ্গে ৯০-এর দশকের বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাবের কথাও উঠে আসে। সেই সময় শাহরুখ খান-কেও কুখ্যাত গ্যাংস্টার আবু সালেম হুমকি দিয়েছিলেন বলে জানা যায়। এই সব ঘটনা প্রমাণ করে, একসময় সিনেমা জগতের সঙ্গে অপরাধ জগতের যোগ কতটা গভীর ছিল।