নেটিজেনের কটাক্ষ, পাল্টা জবাবে সরব ঝিলম গুপ্ত—’আপনাদের ঘৃণাই আমার উন্নতির রসদ’

জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্ত সম্প্রতি হাত ভেঙে আহত হয়েছেন। সেই ছবি এবং অভিজ্ঞতা তিনি বুধবার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। পোস্টে তিনি রসিকতার ছলে লেখেন, “আচমকা ধাক্কায় কেউ কেউ প্যান্ট ভিজিয়ে ফেলে, আর আমার হাতের রং গ্রে হয়ে গেছে! পড়ে গিয়ে কাঁধের হাড় অন্য কারও কাঁধে মাথা রাখতে গিয়েছিল, অনেক বুঝিয়ে ফেরত এনেছি। নার্ভে এমন আঘাত লেগেছে যে শরীরের টিস্যুকেই টিস্যু পেপার ভেবে ছিঁড়ে নিয়েছে। কেউ ফোনে বা মেসেজে না পেলে বুঝবেন, আমার হাতে ব্যথা করছে।”

ঝিলমের এই স্বভাবসুলভ রসিকতা ও সাহসিকতায় অনেক অনুরাগী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। কিন্তু এক নেটিজেন অশোভন মন্তব্য করে লেখেন, “একদম ঠিক হয়েছে। পিছন পাকাদের এমনই হয়। দেখতে তো নারী বলেই মনে হয় না। পুরুষও নয়। তাহলে কি মাঝামাঝি কিছু? রকে বসে থাকা লোফারদের মতো ভাষা আর উচ্চারণ, ছিঃ।”

এই কুরুচিকর মন্তব্যের পাল্টা উত্তর দিতে পিছপা হননি ঝিলম। অত্যন্ত শালীন অথচ দৃঢ় ভাষায় তিনি লিখেছেন, “আমি আপনাকে ব্লক করব না, আপনি হয়তো আমাকে ব্লক করে দেবেন। কিন্তু একটা কথা বুঝেছি, আপনার মতো মানুষরা যত ঘৃণা করেন, আমি তত এগিয়ে যাই। আপনার প্রোফাইলে দেখলাম, আপনি নিজেকে লেখক, গায়ক, দার্শনিক বলেছেন। অথচ এই ভাষা কোনও দার্শনিক বা লেখকের নয়। এ-ও দেখলাম, আপনার পোস্টে কেউ পাত্তা দেয় না। একটাও লাইক নেই। আপনি বরং নিজেই আমায় ব্লক করুন। না হলে আমার উন্নতি দেখলে শুধু আপনারই কষ্ট বাড়বে। আমি শুভানুধ্যায়ীই থাকলাম।” ঝিলমের এই জবাব অনেকে প্রশংসা করেছেন—সাহস, আত্মমর্যাদা আর রসবোধের মিশেলে তৈরি হয়েছে তাঁর জবাব, যা হয়ে উঠেছে ঘৃণার বিরুদ্ধে রীতিমতো এক প্রতিবাদপত্র।