রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে আলোচনায় উঠে এলেন Kabir Suman। একসময় সবুজ শিবিরের কাছের মুখ হিসেবে পরিচিত থাকলেও, সাম্প্রতিক মন্তব্যে তিনি স্পষ্ট করেছেন নিজের অবস্থান। ভোটের ফল প্রকাশের পর তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক।
কিছুদিন আগেই ধর্মতলার মঞ্চে Mamata Banerjee-র পাশে দেখা গিয়েছিল তাঁকে। বিভিন্ন ইস্যুতে সরবও হয়েছিলেন তিনি। কিন্তু ভোটের ফলাফলের পর তিনি বলেন, তিনি কোনওদিনই তৃণমূলের সদস্য বা সমর্থক ছিলেন না। তাঁর কথায়, তিনি ব্যক্তিগত সম্পর্কের কারণে সেই মঞ্চে দাঁড়িয়েছিলেন।
এক সাক্ষাৎকারে সুমন জানান, তিনি আগে কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি রাজনীতিতে আসেন এবং নির্দিষ্ট সময় পর নিজেই সেই পদ ছেড়ে দেন। ফলে নিজেকে কোনও দলের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত মনে করেন না বলেই জানান তিনি।
তবে ভোটের ফল নিয়ে নিজের মতও জানিয়েছেন তিনি। তাঁর মতে, কিছু বিষয়ে ভুল হয়েছে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে মানুষের অসন্তোষ তৈরি হয়েছে। যদিও তিনি স্বীকার করেন, সরকারের কিছু কাজ ভালোও ছিল, যেমন শিক্ষার্থীদের জন্য কিছু প্রকল্প। কিন্তু সব মিলিয়ে মানুষ সেই কাজগুলোকে যথেষ্ট বলে মনে করেননি।
আরও পড়ুনঃ টালিগঞ্জে বদলের হাওয়া! জয়ের পর টলিউড নিয়ে বড় ভাবনা পাপিয়ার!
নতুন সরকারকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, আগের মতোই নিরাপত্তা ও স্থিতি বজায় থাকবে। পাশাপাশি তিনি বলেন, ভবিষ্যতে যদি উপযুক্ত কোনও বামপন্থী দল উঠে আসে, তবে তিনি তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে এখনও ভোট হলে তৃণমূলকেই সমর্থন করবেন বলেও জানিয়েছেন তিনি।





