পাঁচ বছরে নিরঞ্জন থেকে লাফটারসেন! হাসির আড়ালে লুকিয়ে থাকা সংগ্রামের গল্প শোনালেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর!

আজ সোশ্যাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ লাফটারসেন। কিন্তু এই পরিচিতি রাতারাতি আসেনি। নিরঞ্জন থেকে লাফটারসেন হয়ে ওঠার পথটা ছিল একেবারেই সাধারণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের শুরুতে কখনও ভাবেননি এত মানুষের ভালোবাসা ও সম্মান পাবেন। প্রায় পাঁচ বছর আগে কনটেন্ট তৈরি শুরু করেছিলেন তিনি। ধীরে ধীরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা নিয়ে তৈরি ভিডিও তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। তাঁর মতে, এই সাফল্যের পুরো কৃতিত্ব দর্শকদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদের।

নিজের কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, শুরুতে পরিবার থেকে তেমন সমর্থন পাননি। বিশেষ করে বাবা চাইতেন তিনি পড়াশোনায় মন দেন এবং স্থায়ী পেশা বেছে নেন। মা চেয়েছিলেন তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হোন। সেই সময় কনটেন্ট ক্রিয়েশনকে অনেকেই পেশা হিসেবে গুরুত্ব দিতেন না। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। বর্তমানে তিনি নিজের দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারের দায়িত্বও সামলাতে পারছেন। তাঁর সাফল্য দেখার পর পরিবারের সদস্যরাও বুঝতে পেরেছেন, ডিজিটাল প্ল্যাটফর্মেও সফল ভবিষ্যৎ তৈরি করা সম্ভব।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তিনি। এই সফর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা এবং সমালোচনা হলেও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন লাফটারসেন। তাঁর বক্তব্য, তিনি কখনও নিজেকে চলচ্চিত্র নির্মাতা বা অভিনেতা হিসেবে সেখানে উপস্থাপন করেননি। একজন কনটেন্ট ক্রিয়েটর এবং সিনেমাপ্রেমী দর্শক হিসেবেই তিনি উৎসবে যোগ দিয়েছিলেন। সেখানে আন্তর্জাতিক মানের একাধিক ছবি দেখার সুযোগ হয়েছে এবং বিশ্ব সিনেমার পরিবেশ কাছ থেকে অনুভব করেছেন। এই অভিজ্ঞতা তাঁর ভবিষ্যৎ ভাবনাকে আরও সমৃদ্ধ করেছে বলে জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদপত্র, বিজ্ঞাপন এবং শহরের বড় বড় হোর্ডিংয়েও দেখা যাচ্ছে তাঁকে। এই জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বড় কোনও ব্র্যান্ডের মুখ হওয়া তাঁর কাছে অত্যন্ত সম্মানের বিষয়। দর্শকদের প্রতিক্রিয়াও তাঁকে আবেগপ্রবণ করে তোলে। প্রতিদিন অসংখ্য মানুষ তাঁর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি মনে করেন, নিজের সাফল্যের চেয়ে মানুষের এই আনন্দই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

অভিনয় জগত নিয়েও আশাবাদী লাফটারসেন। ওয়েব সিরিজে কাজ করার পর আরও কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা হলেও বিভিন্ন কারণে সেগুলো চূড়ান্ত হয়নি। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র জনপ্রিয়তার ভিত্তিতে নয়, প্রতিভার মূল্যায়নের মাধ্যমেই কাজ পাওয়া উচিত। তাঁর মতে, প্রকৃত শিল্পীদের সুযোগ দেওয়াই সবচেয়ে জরুরি। ভবিষ্যতে নতুন কিছু কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তাই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাফল্যের পাশাপাশি অভিনয়ের দুনিয়াতেও তাঁর নতুন পথচলার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।