অভিনয় জগতের ঝলমলে আড়ালের পেছনে লুকিয়ে থাকা অন্ধকার দিক আবারও সামনে এল অভিনেত্রী মাদালসা শর্মার মুখে। সম্প্রতি একটি পডকাস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি এমন এক ঘটনার কথা জানান, যা শুনে অনেকেই হতবাক। মাত্র উনিশ বছর বয়সে ক্যারিয়ার শুরু করার সময় তিনি এক নামী পরিচালকের কাছ থেকে একটি মিটিংয়ের ডাক পান, যা পরে এক অস্বস্তিকর পরিস্থিতিতে পরিণত হয়।
মাদালসা জানান, ওই পরিচালক তাঁকে প্রথমেই বলেন যে তিনি এমন একজন অভিনেত্রী খুঁজছেন, যিনি বিকিনি পরতে স্বচ্ছন্দ। প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও পরে তাঁর সন্দেহ হয়। তিনি গল্পের প্রাসঙ্গিকতা জানতে চান এবং বোঝার চেষ্টা করেন এই চাহিদার পেছনে কোনও যৌক্তিক কারণ আছে কি না। বয়স কম হলেও পরিস্থিতি বুঝতে তাঁর কোনও অসুবিধা হয়নি।
পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে যখন পরিচালক তাঁকে সরাসরি নিজের সামনে বিকিনি পরে দেখাতে বলেন। এই অনুরোধে মাদালসা স্পষ্টভাবে নিজের অবস্থান জানিয়ে দেন। তিনি বলেন, ক্যামেরার সামনে চরিত্রের প্রয়োজনে যেকোনও পোশাক পরতে তিনি প্রস্তুত, কিন্তু ব্যক্তিগতভাবে কারও সামনে এমন কিছু করা তাঁর কাজের অংশ নয়। তাঁর এই আত্মবিশ্বাসী জবাবই পরিস্থিতি বদলে দেয়।
মাদালসা আরও জানান, তিনি সেই মিটিং ছেড়ে বেরিয়ে আসেন এবং আর পিছনে ফিরে তাকাননি। পরে একটি রিপোর্টে তিনি জানতে পারেন, ওই চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, তাঁর সঙ্গে পরিচালকের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। এই তথ্য তাঁর সন্দেহকে আরও জোরালো করে তোলে এবং ইন্ডাস্ট্রির এক বাস্তব চিত্র তুলে ধরে।
আরও পড়ুনঃ সাপ্তাহিক টিআরপিতে শীর্ষে ‘পরিণীতা’! টানটান লড়াইয়ে কাছাকাছি প্রথম চার ধারাবাহিক! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা
বর্তমানে মাদালসা শর্মা জনপ্রিয় ধারাবাহিক অনুপমা তে কাব্যা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ। তাঁর এই অভিজ্ঞতা শুধু ব্যক্তিগত সাহসের উদাহরণ নয়, বরং নতুনদের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা যে আত্মসম্মান কখনও আপস করা উচিত নয়।





