কিছু দিন আগেই শেষ হয়েছে ধারাবাহিক ভোলেবাবা পার করেগা। সেই ধারাবাহিকে তাঁর ট্র্যাক শেষ হওয়ার খবর নিজেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন নীল ভট্টাচার্য। প্রিয় অভিনেতাকে আবার ছোট পর্দায় কবে দেখা যাবে, সেই অপেক্ষায় রয়েছেন দর্শকরা। তবে আপাতত কাজ থেকে খানিকটা বিরতি নিয়েছেন নীল। শোনা যাচ্ছে, এই মুহূর্তে তিনি কলকাতায় নেই। ব্যস্ত শুটিং শিডিউলের পর নিজেকে কিছুটা সময় দেওয়ার পরিকল্পনাই করেছেন অভিনেতা।
সূত্রের খবর, বর্তমানে মুম্বইয়ে রয়েছেন নীল। যদিও তাঁর মুম্বই যাওয়া নতুন নয়। এর আগেও কাজের সূত্রে দীর্ঘ সময় সেখানে কাটিয়েছেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি হিন্দি ধারাবাহিকে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন নীল। এই নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত খবর সামনে আসেনি। তবে বিনোদন জগতে জল্পনা তুঙ্গে। অনেকের ধারণা, বড় কোনও প্রজেক্টের কথা এগোচ্ছে বলেই আপাতত কলকাতার বাইরে সময় কাটাচ্ছেন অভিনেতা।
এদিকে আরও একটি খবর ভেসে আসছে। মুম্বই থেকে নাকি বিদেশে পাড়ি দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। জানা গিয়েছে, থাইল্যান্ডে ছুটি কাটাতে যাবেন নীল। দোলের সময় সমুদ্রের ধারে রঙের উৎসব উপভোগ করার ইচ্ছা রয়েছে তাঁর। কাজের ফাঁকে এমন অবকাশযাপন যেন নতুন করে শক্তি সঞ্চয়েরই উপায়। বসন্তের আবহে বিদেশ বিভুঁইয়ে রঙের ছোঁয়া, এমন পরিকল্পনা নিঃসন্দেহে আকর্ষণীয়।
তবে এই সফরে নীলের সঙ্গে যাচ্ছেন না তাঁর স্ত্রী তৃণা সাহা। দুজনের সম্পর্ক নিয়ে নানা সময়েই গুঞ্জন শোনা যায়। যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। শোনা যাচ্ছে, তৃণা এই মুহূর্তে ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত। তাই ইচ্ছা থাকলেও থাইল্যান্ড যাওয়া সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে।
আরও পড়ুনঃ পর্দার খলনায়ক! বাস্তব জীবনে আদর্শ সন্তান! মায়ের জন্মদিনে আবেগঘন সুদীপ সরকার!
ফলে বসন্তের এই বিশেষ সময়ে দুজন দু প্রান্তে থাকবেন। একদিকে সমুদ্রতটে দোল উদযাপন করবেন নীল, অন্যদিকে শুটিং ফ্লোরেই ব্যস্ত থাকবেন তৃণা। এই দূরত্ব কি শুধুই কাজের কারণে, নাকি অন্য কোনও গল্প লুকিয়ে আছে, তা সময়ই বলবে। আপাতত দর্শকরা অপেক্ষা করছেন নীলের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে, তিনি কবে আবার নতুন চরিত্রে পর্দায় ফিরবেন।





