‘পরশুরাম’ ঘিরে নতুন বিতর্ক! ‘উনি বি’ষাক্ত মহিলা…’ প্রযোজনা সংস্থাকে ক্লিনচিট দিয়ে আবারও অভিযোগ তুললেন অভিনবের মা!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’ শুরু থেকেই দর্শকদের কাছে বেশ প্রিয়। কিন্তু ধারাবাহিকের সাফল্যের মাঝেই হঠাৎ করেই তৈরি হয় বিতর্ক। বিশেষ করে ‘লাট্টু’ চরিত্রটি ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এই চরিত্রে অভিনয় করতেন শিশুশিল্পী অভিনব বিশ্বাস, কিন্তু বছরের শুরুতেই আচমকা শো ছেড়ে বেরিয়ে যায় সে। সেই সময় থেকেই নানা অভিযোগ সামনে আসে।

অভিনবের পরিবার সেই সময় অভিনেত্রী তৃণা সাহার বিরুদ্ধে মানসিক চাপের অভিযোগ তোলে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয় টেলিভিশন মহলে। পরে ধারাবাহিকে নতুন ‘লাট্টু’ আসার পর আবারও পুরনো প্রসঙ্গ সামনে আসে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনবের মা নবমিতা। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেন।

নবমিতা জানান, প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁদের কোনও সমস্যা নেই। তিনি বলেন, ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতির মধ্যে একটি ভালো প্রযোজনা সংস্থা সম্পর্কে ভুল ধারণা ছড়ানো ঠিক নয়। তাঁর দাবি, অভিনব যে সময় পর্যন্ত কাজ করেছে, সেই পুরো সময়জুড়ে প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁদের সম্পর্ক ভালোই ছিল এবং কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি।

তবে একই সঙ্গে তিনি নাম না করে আবারও একজন নির্দিষ্ট ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তোলেন। তাঁর কথায়, সেই ব্যক্তির আচরণ দীর্ঘদিন ধরেই সমস্যার কারণ ছিল এবং বারবার অনুরোধ করেও কোনও পরিবর্তন আসেনি। তিনি দাবি করেন, বিভিন্নভাবে তাঁর সন্তানকে মানসিকভাবে চাপে রাখা হয়েছিল, যা সহ্য করা কঠিন হয়ে উঠেছিল পরিবারের পক্ষে।

পোস্টের শেষে নবমিতা জানান, অভিনবকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হয়নি, বরং তার মানসিক সুস্থতার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন ‘লাট্টু’-র জন্য শুভেচ্ছাও জানান তিনি। তাঁদের মতে, যতদিন অভিনব কাজ করেছে, সাধ্যমতো সেরাটাই দেওয়ার চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও সে নিজের জায়গা তৈরি করবে।