২০২৪ সালের নভেম্বর মাসে জি বাংলায় শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’। সম্প্রচারের শুরু থেকেই ধারাবাহিকটি টিআরপি তালিকায় ধারাবাহিকভাবে ভালো ফল করেছে এবং একাধিকবার শীর্ষস্থানও দখল করেছে। তবে গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, পারুলের সন্তান জন্মের পরই নাকি শেষ হতে চলেছে এই মেগা।
সম্প্রতি ‘পরিণীতা’-র ৬০০ পর্ব পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বিষয়েই মুখ খোলেন মল্লার চরিত্রের অভিনেতা রিয়াজ লস্কর। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ধারাবাহিক এখনই শেষ হচ্ছে না। তাঁর কথায়, অনেকেই প্রতিদিন জানতে চান সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে কি না। কিন্তু দর্শকদের জন্য এখনও গল্পে একাধিক চমক এবং নতুন মোড় অপেক্ষা করছে।
প্রথম থেকেই ‘পরিণীতা’র গল্প দর্শকদের মন জয় করেছে। নতুন প্রজন্মের সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন, হাসি-মজা এবং নানা নাটকীয় ঘটনার মিশেলে তৈরি এই ধারাবাহিকের জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে। পাশাপাশি পারুল ও রায়ানের জুটি, অর্থাৎ ইশানী চট্টোপাধ্যায় এবং উদয় প্রতাপ সিংয়ের রসায়নও দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে।
গল্পে দেখা যায়, গ্রামের মেয়ে পারুলের সঙ্গে শহরের ছেলে রায়ানের বিয়ে হয়। শুরুতে দুজনের মধ্যে দূরত্ব থাকলেও ধীরে ধীরে বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু একে অপরকে ভালোবাসার কথা কেউই মুখে স্বীকার করতে পারে না। বর্তমানে পারুল মা হতে চলেছে, আর রায়ানও পরিবারের প্রতি নিজের দায়িত্ব ও ভালোবাসা নীরবে পালন করে চলেছে।
আরও পড়ুনঃ স্টার জলসায় আসছে ‘তিলোত্তমা’! নতুন ধারাবাহিকের আগমনে শেষ হচ্ছে লক্ষ্মী ঝাঁপি? জল্পনা তুঙ্গে!
এদিকে গল্পে পারুল নিজের হারিয়ে যাওয়া বাবা-মাকে ফিরে পেয়েছে। পাশাপাশি জানা গেছে, শিরিন আসলে তার সৎ বোন। এতগুলো জটিল সম্পর্কের সমাধান হওয়ায় অনেকেই ভেবেছিলেন ধারাবাহিক শেষের পথে। তবে রিয়াজ লস্করের বক্তব্যে পরিষ্কার, ‘পরিণীতা’র গল্প এখনও অনেকটাই বাকি। আগামী দিনে নতুন কোন চমক অপেক্ষা করছে, সেটাই এখন দেখার।





