অভিনেত্রী পূজা এবার জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায়। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি, আর সেই সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা। ২০২০ সালে লকডাউনের সময় কুণালের সঙ্গে আইনি বিয়ে করেছিলেন পূজা। বিয়ের কিছুদিনের মধ্যেই তাঁদের জীবনে আসে প্রথম সন্তান। যদিও পরে জানা যায়, আরও কয়েক বছর আগেই তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান অভিনেত্রী। সেই ভিডিওতে প্রেগন্যান্সি কিট দেখানোর পাশাপাশি অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিক অসুস্থতার কথাও তুলে ধরেন তিনি। ক্লান্ত ও মন খারাপ অবস্থায় শুয়ে থাকা পূজাকে আদর করে হাসানোর চেষ্টা করতে দেখা যায় তাঁর ছেলে কৃষিভকে। সেই মুহূর্তও মন ছুঁয়ে যায় নেটিজেনদের।
এবার অভিনেত্রী ভাগ করে নিলেন তাঁর সাধভক্ষণ অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গোলাপি শাড়ি পরে হাসিমুখে অনুষ্ঠানে বসে রয়েছেন তিনি। কখনও স্বামীর সঙ্গে ছবি তুলছেন, আবার কখনও পরিবারের বড়দের আশীর্বাদ নিচ্ছেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায় তাঁর বেবি বাম্পও।
তবে অনুষ্ঠানের একটি বিশেষ দৃশ্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, একটি মেয়ে পুতুল কোলে নিয়েই সাধভক্ষণ করছেন পূজা। সেই দৃশ্য দেখেই অনেকে অনুমান করছেন, হয়তো এবার কন্যাসন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী। আবার অনেকের মতে, ছেলের পর মেয়ের মা হওয়ার ইচ্ছার প্রতীক হিসেবেই এই পুতুলকে কোলে নিয়েছিলেন তিনি। পোস্টের ক্যাপশনে পূজা লেখেন, “আজ আমার সাধভক্ষণ অনুষ্ঠান, সকলের আশীর্বাদ চাই।”
আরও পড়ুনঃ বিয়ের প্রশ্নে হাসিমুখে ইঙ্গিত! কিরণ-অন্তরার সম্পর্ক নিয়ে ফের চর্চা নেটদুনিয়ায়!
বাংলা সিনেমা ও টেলিভিশনের পরিচিত মুখ পূজা অভিনয় জীবনে একাধিক জনপ্রিয় কাজ করেছেন। ‘মাচো মস্তানা’ দিয়ে বাংলা ছবিতে যাত্রা শুরু হলেও পরে ‘চ্যালেঞ্জ ২’, ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো ছবিতে নজর কাড়েন তিনি। পাশাপাশি ওয়েব সিরিজ ও হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন অভিনেত্রী। নাচের রিয়্যালিটি শোয়ের বিচারক হিসেবেও দেখা গিয়েছে তাঁকে।





