অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)-কে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি থিয়েটার মহল। কিন্তু তাঁর অনুপস্থিতিতেও থেমে থাকছে না মঞ্চ। বরং তাঁকে নিয়েই আবার মঞ্চস্থ হতে চলেছে প্রিয় নাটক। পরিচালক সৌরভ (Sourav Palodhi) জানালেন, রাহুলকে ছাড়া নয়, তাঁকে সঙ্গেই নিয়েই চলবে এই অভিনয়, স্মৃতির মাধ্যমে তিনি থাকবেন প্রতিটি মুহূর্তে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় সৌরভ জানান, তাঁদের দল ‘ইচ্ছেমতো’-র অন্যতম জনপ্রিয় নাটক ছিল ‘যে জানালাগুলোর আকাশ ছিল’। এই নাটকে শুধু অভিনয়ই করেননি রাহুল, তিনি ছিলেন এর চিত্রনাট্যকারও। তাই এই নাটক থেকে তাঁকে আলাদা করা সম্ভব নয় বলেই মনে করেন পরিচালক।
সৌরভের কথায়, প্রতিটি শোতেই যেন রাহুল উপস্থিত থাকবেন। তিনি আসবেন, অভিনয় শেষ হলে ফিরে যাবেন, এমন অনুভূতিতেই মঞ্চস্থ হবে নাটক। আগামী ১০ এপ্রিল কলকাতার Academy of Fine Arts-এ এই নাটকের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা হবে রাহুলকে স্মরণ করার এক ভিন্ন প্রয়াস।
প্রথমে একটি স্মরণসভা করার পরিকল্পনা থাকলেও পরে সিদ্ধান্ত বদলানো হয়। কারণ, রাহুলের মতো একজন থিয়েটারপ্রেমী মানুষকে শ্রদ্ধা জানানোর সেরা উপায় তাঁর কাজকে মঞ্চে ফিরিয়ে আনা। সেই ভাবনা থেকেই এই বিশেষ শো আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সৌরভ।
আরও পড়ুনঃ ঐশ্বর্যের সাফল্যে হীনম্মন্যতায় ভোগেন স্বামী অভিষেক? স্ত্রীকে নিজের থেকেও বেশি সফল হতে দেখে কি বললেন তিনি?
জানা গেছে, এই অনুষ্ঠানের জন্য আলাদা কোনও টিকিট লাগবে না। দর্শকদের জন্য থাকবে উন্মুক্ত প্রবেশের সুযোগ, তবে আসন সীমিত হওয়ায় আগে থেকে সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য, ছোট ও বড় পর্দার পাশাপাশি থিয়েটারের সঙ্গেও গভীরভাবে যুক্ত ছিলেন রাহুল, আর তাঁর শেষ অভিনীত এই নাটকই আবার তাঁকে জীবন্ত করে তুলবে দর্শকদের মনে।





