পর্দায় রজনীকান্ত মানেই অ্যাকশন, স্টাইল আর অবিসংবাদিত সুপারস্টারডম। কিন্তু পর্দার বাইরের মানুষ রজনীকান্ত আজও ভক্তদের কাছে আরও বেশি প্রিয় তাঁর মানবিকতার জন্য। সম্প্রতি চেন্নাইয়ে ঘটে যাওয়া এক ঘটনা আবারও প্রমাণ করল, থালাইভা কেন শুধুই অভিনেতা নন, মানুষের হৃদয়ের নায়ক। এক সাফাই কর্মীর সততা আর দায়িত্ববোধে মুগ্ধ হয়ে তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়ে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় তুলেছে।
ঘটনাটি চেন্নাইয়ের। চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক সাফাই কর্মী নিয়মিত রজনীকান্তের বাড়ির আশপাশের এলাকায় কাজ করেন। একদিন রাস্তায় কাজ করার সময় তিনি একটি ব্যাগ কুড়িয়ে পান। ব্যাগ খুলে দেখতেই চোখ কপালে ওঠে, সেখানে ছিল প্রায় ৪৫টি সোনার গয়না, যার আনুমানিক মূল্য কোটি টাকার কাছাকাছি। এত বড় প্রলোভন সামনে থাকা সত্ত্বেও তিনি এক মুহূর্তের জন্যও লোভে পড়েননি। দায়িত্বশীল নাগরিকের মতো সঙ্গে সঙ্গে ব্যাগটি সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
এই সততার খবর খুব দ্রুত পৌঁছে যায় রজনীকান্তের কানে। বিষয়টি শুনে আর বসে থাকতে পারেননি তিনি। নিজের পয়েস গার্ডেনের বাড়িতে সেই সাফাই কর্মীকে ডেকে পাঠান অভিনেতা। জানা গিয়েছে, টি নগর এলাকায় স্যানিটেশন কর্মী হিসেবে কাজ করেন পদ্মা। অভাবের সংসারে থেকেও এমন সততা বজায় রাখা আজকের দিনে যে কতটা বিরল, তা বুঝেই রজনীকান্ত তাঁকে সম্মান জানান। নিজের হাতে তাঁর গলায় সোনার হার পরিয়ে দেন থালাইভা।
শুধু উপহার দিয়েই থেমে থাকেননি রজনীকান্ত। বেশ কিছুক্ষণ তিনি ওই কর্মীর সঙ্গে কথা বলেন, তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এই মুহূর্তের ছবি সামনে আসতেই নেটদুনিয়ায় আবেগ ছড়িয়ে পড়ে। ভক্তদের অনেকেই লিখেছেন, এ কারণেই তিনি কেবল সুপারস্টার নন, মানুষের কাছে ঈশ্বরসম। আবার কারও মন্তব্য, রজনীকান্তের আসল স্টাইল তাঁর হৃদয়ের মধ্যে লুকিয়ে রয়েছে।
আরও পড়ুনঃ সব জল্পনার ইতি! সাত পাকে বাঁধা পড়লেন প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা!
এই ঘটনা কেবল একটি সোনার হার দেওয়ার গল্প নয়, বরং সমাজের উদ্দেশে এক বড় বার্তা। কাজ ছোট বা বড় নয়, মানুষের সততা আর নৈতিকতাই আসল পরিচয়। রজনীকান্ত আবারও দেখিয়ে দিলেন, সম্মান পাওয়ার যোগ্যতা পেশায় নয়, চরিত্রে। প্রসঙ্গত, রজনীকান্ত বর্তমানে নেলসন দিলীপকুমারের পরিচালনায় জেলার ২ ছবির শুটিংয়ে ব্যস্ত। রম্যা কৃষ্ণান, মোহনলাল এবং শিবা রাজকুমার অভিনীত এই ছবি ২০২৩ সালের হিট ছবির সিকুয়েল হিসেবেই মুক্তির অপেক্ষায়।





