চেক বাউন্স মামলায় ফের ধাক্কা খেলেন রাজপাল যাদব! সাজা বহাল রেখে মোটা টাকার জরিমানার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট!

বলিউড অভিনেতা রাজপাল যাদবের আইনি সমস্যার এখনও শেষ হচ্ছে না। চেক বাউন্স মামলায় শুক্রবার দিল্লি হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আগের সাজা বহাল রাখার পাশাপাশি বড় অঙ্কের জরিমানাও ধার্য করেছে। আদালত জানিয়েছে, নির্ধারিত সব শর্ত মেনে চলতে হবে। তা না হলে ভবিষ্যতে অভিনেতাকে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, আদালত রাজপাল যাদবের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে এবং তা সন্দেহজনক বলে মন্তব্য করেছে। তাঁর বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। প্রতিটি মামলায় ১.০৫ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর স্ত্রীকেও প্রতিটি মামলায় ৫ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

যদিও রাজপাল যাদবের কারাদণ্ড ৬ মাস থেকে কমিয়ে ৩ মাস করা হয়েছে, আদালত স্পষ্ট জানিয়েছে যে জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে সেই সাজা আবার ৬ মাসে ফিরে যাবে। ফলে জরিমানার অর্থ ও আদালতের শর্ত মেনে চলা এখন অভিনেতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই মামলার সূত্রপাত ২০১০ সালে। নিজের একটি ছবির জন্য একটি প্রযোজনা সংস্থার কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু ছবিটি বক্স অফিসে সফল না হওয়ায় তিনি ঋণ শোধ করতে পারেননি। পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ২০১৮ সালে ম্যাজিস্ট্রেট আদালত রাজপাল ও তাঁর স্ত্রীকে ৬ মাসের কারাদণ্ড দেয়, যা পরে সেশন কোর্টও বহাল রাখে।

এরপর অভিনেতা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন এবং ২০২৪ সালের জুনে তাঁর সাজা স্থগিত করা হয়। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আদালতের নির্দেশ ও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তাঁর বিরুদ্ধে আবার গ্রেফতারির নির্দেশ জারি হয়। সেই সময় রাজপাল আদালতে জানান, এত বড় অঙ্কের টাকা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। পরে কিছুদিন তিহার জেলে থাকার পর শর্তসাপেক্ষে তিনি জামিন পান।