সমাজমাধ্যমে একটি পোস্ট করে বাংলা রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানালেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তাঁর এই ঘোষণার পর থেকেই নেটমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। ফেসবুকে তিনি লিখেছেন, ‘বাংলার রাজনীতি ছাড়লাম’, আর সেই পোস্টের সঙ্গেই তুলে ধরেছেন কিছু আপত্তিকর মেসেজের স্ক্রিনশট।
শেয়ার করা ওই স্ক্রিনশটগুলিতে অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্ক এবং তাঁর প্রাক্তন সঙ্গীর ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। রূপাঞ্জনার দাবি, শুধু এই দু’টি নয়, এরকম আরও বহু মেসেজ তিনি দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন। বিষয়টি নিয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন তিনি।
পোস্টে অভিনেত্রী লেখেন, তিনি কেবল কয়েকটি উদাহরণ সামনে এনেছেন। তাঁর কাছে এমন আরও অসংখ্য বার্তা রয়েছে। একই সঙ্গে তিনি আবেদন করেছেন, তাঁকে এবং তাঁর পরিবারকে যেন এই ধরনের আক্রমণ থেকে রেহাই দেওয়া হয়। তাঁর এই পোস্টের পর অনেকেই সমর্থন জানিয়েছেন অভিনেত্রীকে।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রূপাঞ্জনা জানান, তিনি আর পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না। অভিনেত্রীর কথায়, অতীতেও নানা ভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে। এখন সবচেয়ে বেশি চিন্তা তাঁর পরিবার এবং সন্তানের নিরাপত্তা নিয়ে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘দেয়ালে পিঠ ঠেকে গেলেও হাল ছাড়ব না!’ দুর্দিনে টিকে থাকার অব্যর্থ দাওয়াই দিলেন জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র!
রূপাঞ্জনা আরও জানান, তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন না। একসময় বিজেপিতে যোগ দিলেও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ফের রাজনৈতিক মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। তবে এখন রাজনীতি থেকে পুরোপুরি দূরে সরে গিয়ে নিজের পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়েই থাকতে চান অভিনেত্রী।





