সোশ্যাল মিডিয়ায় সবসময় প্রাণখোলা হাসি আর পোষ্য ‘সুন্দরী’-কে নিয়েই ব্যস্ত থাকতেন জনপ্রিয় ভ্লগার Sayani Chakraborty। তাঁর ভিডিওগুলিতে ছিল আনন্দ, মজা আর পরিবারের নানা মুহূর্ত। সেই কারণেই অনুরাগীদের কাছে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন ‘সুন্দরীর দিদি’ নামে। কিন্তু হঠাৎই তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমেছে নেটমাধ্যমে।
কয়েকদিন আগেই স্নাতক পাশের সুখবর ভাগ করে নিয়েছিলেন সায়নী। অনুরাগীদের সঙ্গে সেই আনন্দের মুহূর্তও উদযাপন করেছিলেন তিনি। এমনকি মৃত্যুর আগের দিনও তাঁকে হাসিমুখে ভিডিওতে দেখা গিয়েছিল। তাই আচমকা এই ঘটনা অনেককেই অবাক করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ব্যক্তিগত জীবনে মানসিক চাপে ভুগছিলেন তিনি।
পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে সম্পর্কের সমস্যার কারণে ভেঙে পড়েছিলেন সায়নী। সেই কারণেই তিনি গভীর অবসাদে চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক চাপের জেরেই তিনি চরম সিদ্ধান্ত নেন। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় সায়নীর পাশাপাশি জনপ্রিয় ছিলেন তাঁর মা মলি চক্রবর্তীও। মা-মেয়ের আলাদা পেজে নিয়মিত পোষ্য ‘সুন্দরী’-কে নিয়ে নানা ভিডিও পোস্ট করা হত। বৃহস্পতিবার সকালেও মলির পেজে একটি নতুন ভিডিও আপলোড হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই এমন খবর ছড়িয়ে পড়ায় অনুরাগীদের অনেকেই বিশ্বাস করতে পারছেন না ঘটনাটি।
আরও পড়ুনঃ ত্বিশা শর্মার মৃত্যুরহস্যে নতুন মোড়! শেষ কয়েক ঘণ্টার ডিজিটাল টাইমলাইন খতিয়ে দেখছে CBI!
সাম্প্রতিক সময়ে মানসিক অবসাদ নিয়ে উদ্বেগ বাড়ছে সমাজে। একের পর এক এমন মৃত্যুর ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে। পরিচালক Anik Dutta-র মৃত্যুর শোক কাটতে না কাটতেই সায়নীর চলে যাওয়া আরও একবার সেই আলোচনাকেই সামনে নিয়ে এল।





