আলাদা হল সূর্য দীপা, নতুন নায়ক হয়ে দীপার জীবনে এন্ট্রি নিতে চলেছেন সিনেমার হিরো!

বেশ কয়েক মাস যাবত টিআরপি তালিকা প্রকাশের আগেই দর্শকরা চোখ বুজে বলে দিতেন যে এই সপ্তাহেও টিআরপি তালিকায় (TRP list ) শ্রেষ্ঠ স্থানে থাকবে স্টার জলসার অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) । তবে সেই গর্ব ধুলিসাৎ হয়েছে। বিগত দুই সপ্তাহ যাবৎ চতুর্থ, পঞ্চম স্থানে নেমে গেছে এই ধারাবাহিকটি। আসলে গল্প ধীরে হলে উত্তেজনা হারিয়ে ফেলেন দর্শকরা। কিন্তু এই ক্ষেত্রে চমক থাকলেও আবার‌ও নায়ক-নায়িকার বিচ্ছেদ দেখানো হতে চলেছে এই ধারাবাহিকে। যার কারণেই টিআরপিতে ধস নেমেছে বলে শোনা যাচ্ছে।

আসলে খুব বেশিদিন হয়নি নিজেদের মধ্যেকার দূরত্ব ঘুচিয়ে এক হয়েছিল সূর্য-দীপা। কিন্তু মিশকার প্রেগন্যান্সির কারণে আবার‌ও ভেঙেছে সেই সম্পর্ক। আর এবার গল্পে আসতে চলেছে সূর্য-দীপার ডিভোর্সের ট্র্যাক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই প্রোমো। এই ধারাবাহিকটি যারা দেখেন তারা জানেন, মিশকা এখন সেনগুপ্ত বাড়িতেই থাকে। আর সেখানে থেকেই সে সূর্য-দীপার জীবন তছনছ করার পরিকল্পনা করে যাচ্ছে সে।

এই সমস্ত ঘটনায় বিরক্ত হয়ে সূর্য ঠিক করে সে দেশ ছেড়ে চলে যাবে। দীপা সম্মত হয়।
দর্শকরা ভেবেছিলেন, বিদেশে গিয়ে হয়ত একটু শান্তি পাবে সূর্য-দীপা। কিন্তু সেই গুড়ে বালি। গতকাল ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, সূর্য-দীপাকে ডিভোর্স পেপার এনে দিচ্ছে লাবণ্য সেনগুপ্ত। এরপর লাবণ্য বলেন, সবার ভালোর জন্য তোমাকে আর সূর্যকে আলাদা হতে হবে দীপা।

সেকথা শুনে দীপা সূর্যকে জিজ্ঞেস করে, আপনারও কি এই মত ডাক্তারবাবু? তখন সূর্য ভেজা চোখে পাল্টা প্রশ্ন করে দীপাকে জিজ্ঞেস করে, আমাদের কাছে কি আর কোনও উপায় আছে দীপা? এই বলে সে ডিভোর্সের কাগজে সই করে দেয়। দিপা বলে ঠিকই তো সব খারাপের দায় তো আমাকেই নিতে হবে।

এরপরেই চমক, পার্টিতে দাঁড়িয়ে গিটার বাজাচ্ছে স্যুট-বুট পরা একটি ছেলে। এরপর সে গিটার বাজানো থামিয়ে জিজ্ঞেস করে, আমাদের দীপা কোথায়? ও কখন আসবে রিইউনিয়নে? নাহলে এই ডুয়েট সম্পূর্ণ হবে কী করে! জানেন সেই স্যুট-বুট পরা ছেলের চরিত্রে কে রয়েছেন? দীপার নতুন নায়ক হিসেবে হাজির হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা অর্জুন চক্রবর্তী। গানের ওপারের পর আর তাকে ধারাবাহিকে দেখা যায়নি। মূলত বড় পর্দাতেই অভিনয় করেন তিনি।
আর এবার ‘অনুরাগের ছোঁয়া’র হাত ধরে ফের টেলি দুনিয়ায় কামব্যাক করলেন তিনি।