এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়িকা মেঘ। দুই বোন আর তাদের এক ভালবাসার মানুষকে নিয়ে শুরু হয়েছিল এই গল্প। তবে খুব তাড়াতাড়ি গল্পে আসতে চলেছে নতুন মোড়।
মেঘের দিদি ময়ূরী মেঘকে সুখী দেখলেই হিংসায় জ্বলে পুড়ে যায়। মেঘের সমস্ত পছন্দের জিনিস সেটা একটা কানের দুল হোক বা ভালোবাসার মানুষ সবাইকেই ছিনিয়ে নিতে চায় সে। ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন মেঘকে তার শ্বশুরবাড়ির কাছে দুশ্চরিত্রা প্রমান করে বাড়ি থেকে তাড়িয়ে ছেড়েছে ময়ূরী।
নীলও নিজের বাড়ির লোকেদের সাথে তাল মিলিয়ে মেঘকে অপমান করেছে, সে আর থাকতে চায় না মেঘের সাথে তাই ডিভোর্সের কথাটা নিজেই জানিয়েছে তাকে। এরপর থেকেই ইউনিভার্সিটিতে যতবার মেঘের মুখোমুখি হয়েছে ততোবারই খুবই বাজে ব্যবহার করেছে নীল। মেঘের উনিভার্সিটিতে একটি গানের কম্পিটিশন হওয়ার বিষয় চলছে যেখানে নাম দিয়েছে মেঘ।
সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এই ভিডিওতে দেখা গিয়েছে, স্টেজে গান করছে মেঘ। এবং দর্শকদের চেয়ারে বসে মেঘের গান শুনছে নীল। এমন সময় হঠাৎ করেই মেঘের মাথা ঘুরে যায়। মাথা ঘুরে স্টেজের ওপর পড়ে যাওয়ার সময় এক ব্যক্তি স্টেজে এসে মেঘকে ধরে ফেলে। পুরো বিষয়টা দর্শকের আসন থেকে দেখতে থাকে নীল।
এরপর মেঘ আবার গান গাইতে শুরু করে তবে এইবার সে একা নয়। তার পাশে থাকা ব্যক্তিটিও তার সাথে গায়। এই পুরো ঘটনাটা দেখে নীল বলে এবার মেঘের জীবনে আর তাকে প্রয়োজন নেই। এই বলে সেই স্থান থেকে চলে যায় নীল। অর্থাৎ বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি মেঘের জীবনে আসতে চলেছে নতুন নায়ক। এইবার কি মেঘকে সুখী হতে দেবে ময়ূরী? নাকি এবারেও মেঘের জীবনে সর্বনাশ নামিয়ে আনবে সে?





