বড়পর্দার ডাকে মিঠিঝোরা থেকে বাদ যাচ্ছেন আরাত্রিকা? রাই চরিত্রে কি আসছে নতুন নায়িকা? জানালেন অভিনেত্রী

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ নিয়মিতই নানা চমকপ্রদ মোড়ে দর্শকদের আকর্ষণ করে চলেছে। যদিও সিরিয়ালের টিআরপি খুব একটা উঁচু নয়, তবু গল্পের টানটান উত্তেজনা বজায় রাখে ধারাবাহিকটিকে আলোচনার কেন্দ্রে। বর্তমানে সিরিয়ালে চলছে নতুন ঝামেলা—রাইয়ের সন্তানের জন্মের পর অনির্বাণের ছোটবেলার বান্ধবীর আগমন বাড়িতে, আর তাকে নিয়েই শুরু হয়েছে নতুন সমস্যা। এমনকি অনির্বাণের মা-ও মেতে উঠেছেন সেই বান্ধবীকে ঘিরে, যার ফলে সন্দেহ দানা বাঁধছে রাইয়ের মনে। মেনে নিতে পারছে না স্বামীর অতীত সম্পর্ককে।

এর মধ্যেই অনলাইনে ছড়িয়েছে গুঞ্জন—‘মিঠিঝোরা’ থেকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে রাই চরিত্রে অভিনয় করা আরাত্রিকা মাইতিকে। তাঁর জায়গায় আসতে চলেছে অন্য কেউ। গুজবের পালে হাওয়া লাগার পিছনে কারণও ছিল—সম্প্রতি শোনা গিয়েছিল, আরাত্রিকা ব্যস্ত রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবি লহ গৌরাঙ্গের নাম রে-র শ্যুটিং নিয়ে। তাই ধারাবাহিকে নতুন চরিত্রের প্রবেশ কি রাইয়ের প্রস্থানের সংকেত? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল দর্শকদের মনে।

অবশেষে এই সমস্ত জল্পনার জবাব দিলেন স্বয়ং আরাত্রিকা। একরকম মজার ছলেই বলেন, “আমি শুনছি মিঠিঝোরা থেকে আমাকে বাদ দেওয়া হচ্ছে! আমার জায়গায় নাকি অন্য কেউ আসছে! আমি তো এসব পোস্ট দেখলেই প্রোডাকশন টিমকে পাঠাই। বলি, ‘কি গো! এসব কি শুনছি?’ ওরা হাসে, আমাকেই উল্টে বলে, ‘কবে রে, তোর জায়গায় কে আসছে?’ এইসব তো হয়ই, কত কিছুই তো শোনা যায়।”

অভিনেত্রী এখন একসঙ্গে সিরিয়াল ও সিনেমার কাজ সামলাচ্ছেন। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “ঠাকুর যেন এমন করুন, যাতে নিজের জন্য কোনোদিন সময়ই না পাই। অনেকে বলবে এটা কেমন ধরনের প্রার্থনা! মা-বাবাও একটু রেগে যান, সময় দিতে পারি না বলে। কিন্তু সেই রাগের মধ্যেও একটা আনন্দ আছে। নিজের জন্য, কোথাও ঘুরতে যাওয়ার জন্য সময় না থাকুক—এই চাই যেন আমি সারাক্ষণ কাজেই ডুবে থাকতে পারি।”

অর্থাৎ আপাতত রাই চরিত্রে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। মিঠিঝোরা-র গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আরাত্রিকা থাকছেন নিজের স্বমহিমায়।