শেষ মুহূর্তে এসে আরও একবার সবটা জোড়ার মিথ্যে নাটক করলো লাবণ্য, চিঠিগুলো চুরি করেছে মিশকা জেনে গেল অর্জুন

বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। বর্তমানে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ধারাবাহিকের গল্প। এখানে নায়কের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সূর্য এবং দীপার মাঝে এক আইনি লড়াই শুরু হয়েছে। আর এই লড়াইয়ের উপর নির্ভর করছে সোনা রুপার ভবিষ্যৎ। সূর্য আর দীপার সাথে যা কথা বলার বলা হয়ে গিয়েছে জজ সাহেবের, এইবার সোনা রুপার সাথে কথা বলতে চান তিনি।

ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, এখন সবটাই নির্ভর করছে সোনা এবং রুপার উপর। ওই দুটো বাচ্চা মেয়ের উপর বর্তমানে অনেক বড় একটা দায়িত্ব। নিজের ভবিষ্যৎ চয়ন করার দায়িত্ব। একটা বাচ্চার কাছে নিজের মা অথবা বাবা যেকোনো একজনকে বেছে নেওয়ার থেকে বড় কষ্ট বোধহয় আর হয় না।

রুপা মানসিকভাবে অনেকটাই শক্ত কিন্তু সোনা এমনটা নয়। তাই সে ভয় পাচ্ছে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। তবে নিজের মায়ের কাছেই থাকতে চায় সে। এদিকে অর্জুন বাবলি আর বাবানের সাথে কথা বলে বুঝে গিয়েছে যে বাড়িতে মিশকা এসেছিল এবং সেই চিঠিগুলো সরিয়ে নিয়ে গেছে। সে এবার কি করবে সেটাই ভেবে উঠতে পারে না।

শেষবারের মতন সবটা ঠিক করার মিথ্যে আশা নিয়ে কোর্টে চলে আসে লাবণ্য সেনগুপ্ত। সে সূর্য এবং দীপা দুজনকেই বলে তাকে যেন আর একটা সুযোগ দেওয়া হয়। এইবার সে সব ঠিক করে দেবে, দীপাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু তার কথায় আর কেউই বিশেষ গুরুত্ব দেয় না। কারণ লাবন্য সেনগুপ্তর দৌড় কতদূর সেটা দেখা হয়ে গেছে প্রত্যেকের।