“২৬ বছর বয়সে আড়াই কোটি টাকার ফ্ল্যাট কিনেছি, ফ্লেক্স তো করবই”— সমালোচকদের কড়া জবাব দিলেন দেবচন্দ্রিমা!

টেলিভিশনের জনপ্রিয় মুখ দেবচন্দ্রিমা সিংহ রায়। দীর্ঘদিন ধরে বাংলা টেলিভিশনের ছোটপর্দায় নিজের অভিনয়ের জোরে নজর কেড়েছেন তিনি। এখন সেই পরিশ্রমের ফসল হিসেবে পৌঁছে গেছেন হিন্দি ধারাবাহিকের দুনিয়ায়ও। ছোটপর্দা থেকে শুরু করে রূপালি পর্দা— ধীরে ধীরে নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন দেবচন্দ্রিমা।

সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। সম্প্রতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ গল্পে তাকে অভিনয় করতে দেখা গেছে। পাশাপাশি জিৎ-রুক্মিণী অভিনীত ‘বুমেরাং’ সিনেমার হাত ধরে বড়পর্দায়ও অভিষেক হয়েছে তার।

‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর হিন্দি ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’-এও কাজ করেছেন, যদিও সেই সিরিয়াল খুব বেশি দিন টেকেনি। তবুও, নিজের পরিশ্রমের জোরে আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।

তবে সাফল্যের সঙ্গে আসে সমালোচনাও। বহু মানুষ দেবচন্দ্রিমার এই সাফল্যে খুশি হলেও, কেউ কেউ আবার নানাভাবে ট্রোল করতে ছাড়েন না। সম্প্রতি ইউটিউব ব্লগে নিজের নতুন ফ্ল্যাটের কথা জানানোর পর একজন মন্তব্য করেন, কেন তিনি এতটা “ফ্লেক্স” করছেন।

এই সমালোচকের উদ্দেশে দেবচন্দ্রিমা নিজের পরবর্তী ভিডিওতেই স্পষ্ট জবাব দেন। তিনি বলেন—
“আমি যখনই কোনও কিছু কিনি, যেমন গাড়ি, ফ্ল্যাট, বা বিদেশে ঘুরতে যাই, তখনই কিছু লোক বলে ওঠে— ‘অন্যের টাকায় এসব করছে।’ একটা ছেলে করলে কেউ কিছু বলত না। কিন্তু একটা মেয়ে করলে ধরে নেয়, নিশ্চয়ই অন্য কারও টাকায় করেছে। তাই আমি স্পষ্ট করে বলি— এই টাকা আমার, আমার পরিশ্রমের ফল। আমি ২৬ বছর বয়সে আড়াই কোটি টাকার ফ্ল্যাট কিনেছি— আমি অবশ্যই ফ্লেক্স করব! এ তো আড়াই টাকা নয়, আড়াই হাজার টাকাও নয়— আড়াই কোটি টাকা! আমার মতো মধ্যবিত্ত ঘরের অনেকে হয়তো এই পরিমাণ টাকা চোখেও দেখেননি। তাই কেউ বাহবা দিক বা না দিক, আমি নিজের পিঠ নিজেই চাপড়াবো। আর যারা ট্রোল করে, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত— কীভাবে নিজের পরিশ্রমে এমন জায়গায় পৌঁছানো যায়।”

দেবচন্দ্রিমার এই স্পষ্ট কথা শুনে তার অনুরাগীরা আরও বেশি অনুপ্রাণিত হচ্ছেন— এবং এটা নিঃসন্দেহে তার লড়াকু মানসিকতারই প্রমাণ।