ফের বড়পর্দায় ‘প্রজাপতি’ জুটি! মিঠুন-দেবের যুগলবন্দি দেখতে ভিড় জমাবেন দর্শক!

২০২২ সালের সর্বাপেক্ষা হিট মুভি ছিল দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত বাংলা ছবি ‘প্রজাপতি’। একের পর এক মাইলস্টোন টপকেছে এই ছবি।দর্শকদের ভালোবাসায় একটানা হাউসফুলের রেকর্ড ভেঙেছে সিনেমাটি। ২০২২ সালের পর থেকেই দর্শকমহলের আব্দার ছিল আবারও এই জুটিকে ফেরানো হোক। ‘প্রজাপতি’র সিক্যুয়াল আনার দাবিও তোলেন তাঁরা।

এদিকে খবর পাওয়া যাচ্ছে, চলতি বছরেই পর্দায় ফিরতে চলেছেন টলিপাড়ার হিট জুটি। সুপারস্টার দেব ও বর্ষীয়ান তারকা মিঠুন চক্রবর্তী একসঙ্গে ফিরবেন পর্দায়। ‘প্রজাপতি’ পরিচালক অভিজিৎ সেনের হাত ধরেই পর্দায় ফিরবেন তাঁরা। চলতি বছরের ডিসেম্বরে আসতে চলেছে জুটির নতুন ছবি।

টলিপাড়ার কানাঘুষো, বছরের শেষ পর্বে প্রজাপতি ছবির সিক্যুয়াল আনবেন পরিচালক অভিজিৎ। আর তাতেই দেখা যাবে দেব-মিঠুনের চিরসবুজ জুটিকে। আবার অনেকের মতে, ছবিটি প্রধান ছবির সিক্যুয়ালও হতে পারে। গতবছরের বড়দিনে দেব -সৌমিতৃষার প্রধানেরও রিপোর্ট কার্ড ভালোই। তবে যে ছবিই আসুক না কেন দেব-মিঠুনকে এক সঙ্গে দেখতে চাইছেন অনুরাগীরা।

কিন্তু জল্পনা কতটা সত্যি? সম্প্রতি প্রথম সারির এক সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় ছবি পরিচালক অতনু রায়চৌধুরির সঙ্গে। তিনি জানান, বড়দিনের ছবিতে অবশ্যই থাকছেন দেব। তবে একটি সূত্রের খবর, ছবিটি কোনো সিক্যুয়াল ছবি নয়। বরং আলাদা ও অভিন্ন ছবি। কিন্তু দেবের ছবিতে কি সত্যিই থাকছেন মিঠুন চক্রবর্তী?

প্রশ্নের উত্তরে প্রযোজক জানান, শাস্ত্রী ছবির শ্যুটিংয়ের জন্য শহরে রয়েছেন মিঠুন চক্রবর্তী। তাঁর এই ছবির শ্যুটিং শেষ হলে পরে বড়দিনের ছবির বিষয়ে আলোচনা হবে। তারপর গল্প নির্বাচন ও অভিনেতা নির্বাচন হবে। খুব সম্ভবত এই মাসের মধ্যেই ছবির পরিকল্পনা সারা হবে। আর খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে ‘প্রজাপতি’ অনুরাগীদের জন্য।