স্টার জলসার নতুন ধারাবাহিক ‘চিরসখা’ (Chirosokha) শুরু থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। বহুদিন পর এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় কামব্যাক করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। পাশাপাশি একেবারে নতুন ধাঁচের চরিত্রে নজর কেড়েছেন সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee)। আরও অনেক পরিচিত মুখ রয়েছেন এই ধারাবাহিকে, যা ক্রমেই দর্শকমহলে জনপ্রিয় হয়ে উঠছে।
ধারাবাহিকের কাহিনি গড়ে উঠেছে এক অসমবয়সী প্রেম এবং জটিল পারিবারিক সম্পর্কের আবর্তে। লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে রচিত হওয়ায়, গল্পে যে ভিন্ন স্বাদ থাকবে, তা তো প্রথম থেকেই আঁচ করা যাচ্ছিল।
গত পর্বে দেখা যায়, কমলিনীকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে, কিন্তু সে কিছুতেই মাথা নোয়াতে নারাজ। নিজের অবস্থান প্রমাণ করতে সে দেখায় এক পুরনো চিঠি, যা চন্দ্রর প্রেমিকা সোহিনীর লেখা। জানা যায়, চন্দ্র বিয়ের কয়েক বছর পর অন্য এক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেই সম্পর্ক থেকেই এই চিঠির জন্ম। চিঠিতে সোহিনী বিয়ের প্রস্তাব দিয়েছিল চন্দ্রকে। এরপর চন্দ্র বাড়ি ছেড়ে চলে যায় এবং পরদিন তার মৃত্যুর খবর আসে।
অন্যদিকে, মিথিলা মেঘালয়ের একাধিক হোমে খোঁজ নিয়ে জানতে পারে — চন্দ্র নামে বা চন্দ্রর মতো কাউকে সেখানকার কেউ কোনোদিন দেখেনি। এতে স্পষ্ট হয়, চন্দ্রর মৃত্যু রহস্য ঘেরা, এবং তার ফিরে আসা নিয়ে জটিলতা রয়েছে।
আজকের পর্বে দেখা যাবে, চন্দ্রর চলে যাওয়ার সিদ্ধান্তে আবার একবার জড়ো হয় দুই পরিবারের সদস্যরা। চন্দ্র জানায়, সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। সেই কথা শুনে পরিবারের সবাই কমলিনীর উপর ক্ষোভ প্রকাশ করে। কেউ তার পাশে দাঁড়ায় না — না তার বাবা-মা, না সন্তানরাও।
আরও পড়ুনঃ অভাবে ভুগছেন পূজা ব্যানার্জি! প্রতারণায় সর্বস্ব খুইয়ে চোখের জলে ভেসে গেলেন অভিনেত্রী
কমলিনী এবার আর চুপ থাকে না। ঘর থেকে সেই চিঠি বের করে এনে সকলের সামনে পড়ে শোনায়। চিঠির গভীরতায় ডুবতে ডুবতে অবাক হয়ে যায় সকলে। কিন্তু চন্দ্র মুখে বিন্দুমাত্র ভাবান্তর ঘটায় না। বরং হঠাৎ হেসে ওঠে এবং দাবি করে — চিঠিটি তার অফিসের এক সহকর্মীর লেখা, ব্যক্তিগত কোনও সম্পর্কের নয়। এবার প্রশ্ন, চন্দ্র কি সত্যিই মিথ্যে বলছে? নাকি কমলিনীই ভুল প্রমাণিত হবে? সেই উত্তরের অপেক্ষায় এখন দর্শকরা।





