বর্তমানে অভিনেত্রী খেয়ালি মন্ডলকে কে না চেনেন! ‘আলতা ফড়িং’ (Alta Foring) সিরিয়ালের সঙ্গেই অভিনয়ে হাতে খড়ি হয় খেয়ালি মণ্ডলের (Kheyali Mondal)। এই একটি ধারাবাহিক দিয়েই হাজারো দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। সিরিয়ালে জিমন্যাস্টের চরিত্রে অভিনয় করেছিলেন খেয়ালি, বাস্তবেই জিমন্যাস্ট তিনি।
তিনি দুর্দান্ত নাচেন। শুরুতে অর্ণব-খেয়ালির এই সিরিয়াল দর্শকদের মনে গেঁথে গিয়েছিল। পরে অবশ্য আচমকাই হিরো গল্পের ভিলেন হয়ে যায়। তাতে খেই হারিয়েছিল ‘আলতা ফড়িং’। মার্চ মাসে শেষ হয় এই মেগা। তারপর কেটেছে প্রায় ৫ মাস। এবার নতুন রূপে ফিরছেন তিনি। কোন চ্যানেলে? কোন ধারাবাহিকে? তার বিপরীতেই বা থাকছেন কে? সব জানাবো আজকের এই প্রতিবেদনে।
ধারাবাহিকের নায়ক চরিত্রে অনুভব
গুঞ্জন এই আসন্ন ধারাবাহিকে বাংলা সিরিয়ালে প্রথম বার নায়ক হিসাবে দেখা যাবে অনুভব কাঞ্জিলালকে। শোনা যাচ্ছে বড় পর্দায় অভিনয়ের পাশে এ বার ছোট পর্দার নায়ক হিসাবেও দেখবেন দর্শক। জল্পনা ছিল এই সিরিয়ালে নাকি দেখা যাবে হিয়া মুখোপাধ্যায়কে। তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ‘নয়নতারা’ সিরিয়ালে তারার চরিত্রে।

হিয়ার জায়গায় খেয়ালি
তবে সম্প্রতি ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনা, বদলে গিয়েছেন নায়িকা। সূত্র বলছে, অনুভবের সঙ্গে এই সিরিয়ালে দেখা যাবে খেয়ালি মণ্ডলকে। অনুভব এবং খেয়ালি ছাড়াও নাকি দেখা যাবে ধ্রুব সরকারকে। যাঁকে ‘মিঠাই’ সিরিয়ালে সোমের চরিত্রে দেখা গিয়েছিল। যদিও ‘মিঠাই’ ছাড়াও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করছেন তিনি।
এই নতুন সিরিয়াল প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘স্ক্রিন প্লেয়ার্স’। সিরিয়ালের লুক সেট হয়ে যাওয়ার কথা শোনা গিয়েছিল। শ্রাবণ মাস কাটলেই প্রোমোর শুট হওয়ার কথা। এই মুহূর্তে অনুভবের হাতেও রয়েছে একগুচ্ছ ছবি। খুব শীঘ্রই মুক্তি পাবে ‘বড়বাবু’ এবং ‘সাজঘর’ ছবি দু’টি। নতুন সিরিয়ালে এই তিন অভিনেতাকে ঠিক কী ভূমিকায় দেখা যাবে? সবটাই ক্রমশ প্রকাশ্য।





