বাংলা টেলিভিশনের পরিচিত চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় এবার হিন্দি ধারাবাহিক নিয়ে নতুনভাবে আলোচনায়। স্টার প্লাসে আসতে চলেছে তাঁর নতুন সিরিয়াল ‘সয়রাব’। ধারাবাহিকের গল্পের মূল বিষয় সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা এবং সমালোচনা। অনেক দর্শকই এই সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
জানা গিয়েছে, সদ্য শেষ হওয়া ‘ঝনক’-এর পর নতুন এই প্রজেক্ট নিয়ে ফিরছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রোহিত চন্দেল এবং মাদিরাক্ষী মুন্ডলে। গল্পে এক জনপ্রিয় রকস্টারকে কেন্দ্র করে তৈরি হবে মা এবং মেয়ের জীবনের জটিল সম্পর্ক।
প্রোমো অনুযায়ী, উজ্জয়িনী নামের এক তরুণী রকস্টার ঈশানের ভক্ত। কিন্তু গল্পে মোড় আসে যখন ঈশান জানায়, সে আসলে উজ্জয়িনীর মা নয়নিকার প্রতি আকৃষ্ট। এই সম্পর্কের দিকটি সামনে আসতেই দর্শকদের একাংশ বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, এই ধরনের গল্প ভারতীয় পারিবারিক মূল্যবোধ নিয়ে নতুন বিতর্ক তৈরি করতে পারে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সিরিয়ালের প্লট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ দাবি করেছেন, গল্পের ভাবনায় হলিউড ছবি The Idea of You-এর ছাপ রয়েছে। আবার অনেক দর্শকের মতে, সম্পর্কের এমন জটিল সমীকরণ ছোটপর্দায় দেখানো কতটা গ্রহণযোগ্য হবে, তা সময়ই বলবে। যদিও নির্মাতাদের তরফে এখনও এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুনঃ শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং! নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য!
বর্তমানে বাংলা টেলিভিশনে ম্যাজিক মোমেন্টস-এর নতুন ধারাবাহিক খুব বেশি দেখা যাচ্ছে না। তার মধ্যেই হিন্দি দর্শকদের জন্য এই নতুন সিরিয়াল আনছেন নির্মাতারা। এখন দেখার, সয়রাব সম্প্রচারের পর দর্শকদের কতটা প্রভাবিত করতে পারে এবং বিতর্কের মাঝেও জনপ্রিয়তা পায় কি না।





