আসন্ন বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অভিনেত্রী লাভলি মৈত্র। তৃণমূল কংগ্রেসের হয়ে ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করেছেন তিনি। রাজনীতির ব্যস্ততার মধ্যেও তাঁকে দেখা যাচ্ছে ছোটপর্দায় ‘চিরসখা’ ধারাবাহিকে। সেখানে তাঁর অভিনীত ‘মিটিল’ চরিত্রটি দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এবং আলাদা করে নজর কাড়ছে প্রতিদিন।
তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় লাভলি নিজেই ইঙ্গিত দিয়েছেন যে, খুব শিগগিরই হয়তো এই চরিত্রে আর দেখা যাবে না তাঁকে। এই মন্তব্য সামনে আসতেই দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে, তবে কি ‘চিরসখা’ থেকে বিদায় নিতে চলেছেন মিটিল? নাকি তাঁর জায়গায় নতুন কাউকে দেখা যাবে? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, মিটিল হল কমলিনীর ছোট ছেলে বাবিলের স্ত্রী। যদিও বর্তমানে গল্পের ফোকাস ঘুরে গিয়েছে কমলিনীর মেয়েকে কেন্দ্র করে। ফলে অনেকেই ভাবছেন, আপাতত কি মিটিল চরিত্রটি কিছুটা আড়ালে চলে যাবে? নাকি গল্পে নতুন মোড় এনে তাকে আবার সামনে আনা হবে, সেটাই এখন দেখার বিষয়।
এই প্রসঙ্গে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি এখনও লাভলির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু শোনেননি। তাই এই মুহূর্তে চরিত্র বদল বা নতুন কাউকে আনার কোনও পরিকল্পনা নেই। তাঁর কথায়, পরিস্থিতি স্পষ্ট হলে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুনঃ লাল পোশাকে মঞ্চ কাঁপালেন সুনিধি! গায়িকার গলায় বাংলা গান! মুগ্ধ কলকাতার দর্শক!
অর্থাৎ আপাতত ‘চিরসখা’র গল্প যেমনভাবে এগোচ্ছিল, তেমনভাবেই চলবে। বর্তমানে কাহিনির কেন্দ্রে রয়েছে মিঠির জীবন, সেই দিকেই জোর দেওয়া হচ্ছে। ভবিষ্যতে গল্পে কী পরিবর্তন আসবে বা মিটিল চরিত্রের কী পরিণতি হবে, তা জানতে হলে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।





