ভাবতে পারেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও গাওয়া গান এবার শোনা যাবে জনপ্রিয় মেগা সিরিয়াল চিরসখাতে!

ভাবতে পারেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও গাওয়া গান এবার শোনা যাবে জনপ্রিয় মেগা সিরিয়াল চিরসখাতে!

হ্যাঁ, ঠিকই পড়ছেন। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে যখন বিনোদন ও সঙ্গীত জগতের শিল্পীদের সম্মান জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী, তখন একদিকে যেমন পুরস্কার দিলেন, অন্যদিকে মেগা ধারাবাহিকের অতিরিক্ত নাটকীয়তা নিয়ে বিরক্তিও প্রকাশ করেছিলেন। বলেছিলেন, “এইসব সিরিয়ালে শুধু বিষ, ঝগড়া, খুন—বাচ্চারা এগুলো দেখে কী শিখবে?”

Mamata Banerjee, chief minister, Bengali serial, Bengali television, entertainment, Chirosokha, মমতা ব্যানার্জি, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, মুখ্যমন্ত্রী, বিনোদন, চিরসখা

সেই বক্তৃতার কিছুদিনের মধ্যেই মমতার গান জায়গা করে নিল ‘চিরসখা’ ধারাবাহিকে!

দ্য ওয়াল-এর এক প্রতিবেদন বলছে, লীনা গঙ্গোপাধ্যায়ের এই জনপ্রিয় সিরিয়ালে মুখ্যমন্ত্রীর গান বাজবে মুখ্য চরিত্র কমলিনী ও স্বতন্ত্র’র জীবনের আবেগঘন মুহূর্তগুলোতে। অর্থাৎ সিরিয়ালের টানটান গল্পের মাঝে যখন চরিত্রগুলো হেসে কাঁদবে, তখনই শোনা যাবে মুখ্যমন্ত্রীর গান।

বাংলা সিরিয়ালের ইতিহাসে এই ঘটনা একেবারে নজিরবিহীন।

তবে একটু পেছনে যাওয়া যাক। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় বলেছিলেন—
“এখন তো দেখি, একটাই পরিবারে তিনজন ঝগড়া করছে। একদিকে রয়েল ক্যারেক্টর, বাকিরা সারাক্ষণ ঝগড়ায় মেতে আছে। কে কাকে বিষ দিচ্ছে, কে কাকে ছুরি মারছে, গুলি করছে—এটা আর সহ্য হয় না। আমি এসব দেখলেই বন্ধ করে দিই।”

এই প্রসঙ্গে তিনি সরাসরি লীনা গঙ্গোপাধ্যায়ের নামও নেন, তবে এটাও বলেন, এর দায় একা লেখকদের নয়—যাঁরা চ্যানেলের মালিক, তাঁদেরও দায়িত্ব নিতে হবে। আর সেই লীনার ধারাবাহিকেই এবার জায়গা পাচ্ছে মমতার গান!

এদিকে, চিরসখা ধারাবাহিকেও এখন দারুণ জমে উঠেছে গল্প। নায়িকা কমলিনীর স্বামী চন্দ্র হঠাৎ করেই ফিরে এসেছে। কিন্তু ফিরে এসেও সে একগাদা মিথ্যে বলছে। স্ত্রীকে ছেড়ে অন্য এক নারী, সোহিনীর সঙ্গে সংসার করছিল, অথচ এখন পুরো বিষয়টা অস্বীকার করছে! উল্টে কমলিনীর সম্পত্তি নিজের নামে করতে চাইছে!

সব বুঝে কমলিনী নিয়েছে এক বড় সিদ্ধান্ত—ডিভোর্স। কিন্তু চন্দ্র ‘মিউচ্যুয়াল’ ডিভোর্সে রাজি নয়। ফলে এখন আদালতের রায়েই নির্ভর করছে সবকিছু।

এই উত্তেজনাময় কোর্টরুম ড্রামার মাঝে যখন আবেগ চরমে উঠবে, ঠিক তখনই বেজে উঠবে মুখ্যমন্ত্রী মমতার গান। তাহলে এখন চিরসখা শুধু একটা সিরিয়াল নয়, একরকম রাজনৈতিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের ক্যানভাস!