বৃহস্পতিবার ‘মহানায়ক শ্রেষ্ঠ সম্মান’ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গৌতম ঘোষ, রূপঙ্কর বাগচী, গার্গী রায়চৌধুরী-সহ আরও বহু গুণী শিল্পী-কলাকুশলীদের সম্মান জানানো হয় এদিন। তবে এই অনুষ্ঠানে শুধু পুরস্কার আর বাহবা নয়—বাংলা সিরিয়াল নিয়েও নিজের ক্ষোভ স্পষ্টভাবে প্রকাশ করলেন মমতা।
মঞ্চ থেকে তিনি বললেন, এখনকার সিরিয়ালগুলোতে যা দেখানো হচ্ছে, তাতে নাকি সমাজে খারাপ প্রভাব পড়ছে। তার কথায়,
“একজন আরেকজনকে বিষ দিচ্ছে, ঘরে ঘরে ঝগড়া, গুলি, বন্দুক—এসব কি শেখানোর মতো জিনিস? একটা পরিবারের মধ্যে প্রতিদিন এমন কাণ্ডকারখানা দেখানো হচ্ছে, যেন ঝগড়া ছাড়া কিছুই নেই! এই সিরিয়ালগুলো থেকে কেউ কেউ ভুল শিক্ষা নিচ্ছে, এমনকি আত্মহননের পথও বেছে নিচ্ছে।”
এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। সরাসরি টিভি চ্যানেল মালিকদের উদ্দেশে বললেন—
“আপনারা সিরিয়াল বানাচ্ছেন, সেটা ভালো কথা। কিন্তু দয়া করে মানুষের মধ্যে নেতিবাচকতা ছড়াবেন না। সিরিয়াল মানেই যেন মারপিট আর ষড়যন্ত্র—এটা বন্ধ করুন। প্রতিদিন নতুন নতুন কু-কর্ম দেখানো মানেই সিরিয়াল দীর্ঘায়িত হচ্ছে, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”
সিরিয়াল কীভাবে হতে পারে, সেই দিকেও আলোকপাত করলেন তিনি।
“হাসিখুশি, সামাজিক, ইতিবাচক গল্প বলুন। যেগুলো আমাদের সংস্কৃতির কথা বলে, বিবেক জাগায়। রিল্যাক্স করার জন্য সিরিয়াল দেখা হয়, টেনশন বাড়ানোর জন্য নয়।”
আরও পড়ুনঃ মহানায়ক সম্মান ২০২৫: রূপঙ্কর, ইমন, গার্গীদের হাতে সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা?
বাংলা গানের প্রসঙ্গও তুললেন মুখ্যমন্ত্রী। তাঁর আফসোস—
“সিরিয়ালে বাংলা গান শুনতেই পাই না। শুধু ঝিকঝিক, ধামধাম করে গেলেই সিরিয়াল জমে না। বাংলা গানের জায়গা দিন সিরিয়ালে। টলিউডের গানগুলোকে গুরুত্ব দিন। এটাও ভাবা দরকার।”
সব মিলিয়ে, এই অনুষ্ঠানে শুধুই সংবর্ধনা নয়, ছিল বাংলা বিনোদনের ভবিষ্যৎ নিয়ে চিন্তাও। বাংলা সিরিয়াল নির্মাতারা এই কথাগুলো কতটা শুনবেন, সেটাই এখন দেখার।





