টেলি একাডেমী কমপ্লেক্স-এর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। বৃহস্পতিবার Tele Academy Award -এর মঞ্চ থেকেই ভার্চুয়াল মাধ্যমে ওই ভবনের দ্বার উন্মোচন করেন তিনি। এদিন নিজের সিরিয়ালের প্রতি অনুরাগের কথা উল্লেখ করে তিনি বলেন, “অনেকে বাড়ির সব কাজ এবং রান্নাটা সময়মতো করে নেন শুধুমাত্র টিভি দেখার জন্য। আমি নিজেও সিরিয়াল দেখি কিন্তু। রাতের দিকে যতটা সময় পাই, ততটা সময় সিরিয়াল দেখি।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “এই ইন্ডাস্ট্রি আজকের দিনে বড় ইন্ডাস্ট্রি। অর্থনীতি নির্ভর করে এই ইন্ডাস্ট্রির উপরে। টিভি যদি কোনও কারণে বন্ধ হয়ে যায়, খুব রাগ হয়। প্রত্যেকের এতটা রাগ হয় যে কল্পনা করা যায় না। যাঁরা সিরিয়াল করেন তাঁরা ভীষণ ট্যালেন্টেড। আর আজকালকার ছেলেমেয়েরা খুব প্রতিভাবান। খুব ভালো কাজ করছে। অনেক কিছু শেখা যায় ওঁদের কাছ থেকে।”
মমতার সিরিয়াল প্রেম অবশ্য কারুরই অজানা নয়। এর আগেও একাধিকবার সে কথা নিজের মুখেই জানিয়েছেন সবার প্রিয় দিদি। মমতা জানান, তাঁর বিশ্বাস বাংলার শিল্পীরা একদিন মুম্বই তথা বিশ্বের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবে। তিনি যোগ করেন, ‘বাংলা মিডিয়াম থেকে ইষ্টি কুটুম সবই দেখি।’

ভরা মঞ্চে সোনা রুপার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী
ধারা দর্শকদের মাঝে দুই খুদে অভিনেত্রীর নাম আলাদা করে নিতে একদমই ভোলেননি মুখ্যমন্ত্রী। আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চাদের এত সুন্দর অভিনয় সত্যিই প্রশংসনীয় তিনি বলেন, ‘অনুরাগের ছোঁয়ায় ওই ছোট্ট দুটি মেয়ে কী সুন্দর কথা বলে।’ এত ধারাবাহিকের ভিড়ে স্টার জলসা একটি ধারাবাহিকের ওই দুই খুদে অভিনেত্রীকে একেবারেই ভুলে যাননি তিনি। সোনা এবং রুপা অর্থাৎ দীপা সূর্যের দুই যমজ মেয়ে আলাদা করে নজর কেড়েছে মমতা ব্যানার্জির।
নীল-তিয়াসার বাংলা মিডিয়ামের বিষয়ভাবনাকে কুর্নিশ জানান মমতা। সঙ্গে একথাও বলেন, সিরিয়াল একদিন মিস করলেই তিনি ভাবতে থাকেন সেদিনের পর্বে কী ঘটবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিন না দেখতে পেলে ভাবতে থাকি পরের দিন কী দেখাবে।’

‘রামপ্রসাদ’ সব্যসাচী চৌধুরীর প্রশংসা ঝরে পড়ল তাঁর গলায়। রসিকতা করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আর একটা জিনিস তো আপনাদের আছেই। একজনের তিনটে বিয়ে হচ্ছে… আরেকটা কূটকচালি থাকবেই। নেগেটিভ রোল। পজেটিভটাকে নেগেটিভ করে দেওয়া, সিরিয়ালটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া। আর কেউ যদি চলে যায় তাকে মেরে দেওয়া। এসব কিন্তু আমি দেখলেই বুঝতে পারি’।





