এক বছরের বিরতির পর ছোটপর্দায় কামব্যাক, নতুন ধারাবাহিকে নতুন রূপে ফিরছেন মিমি দত্ত

বাংলা টেলিভিশনের এক চেনা মুখ, প্রিয় অভিনেত্রী মিমি দত্ত এবার আবার ফিরছেন দর্শকের ঘরে ঘরে—প্রায় এক বছর পর। ‘মেয়েবেলা’ ধারাবাহিকে গুঞ্জা চরিত্রে তাঁর সংবেদনশীল অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। এরপর তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘যোগমায়া’ ধারাবাহিকে উৎসার ভূমিকায়।

তবে এবার তাঁর ফিরে আসার খবরে নতুন চমক! কারণ শুধু তিনি ফিরছেন না—ফিরছে একটি পুরনো চ্যানেলও নতুন রূপে। ‘জি বাংলা সিনেমা’ এবার ফিরে আসছে এক নতুন সংস্করণে, যেখানে শুধুই সিনেমা নয়, থাকছে একের পর এক নতুন ধারাবাহিক ও নন-ফিকশন অনুষ্ঠান।

এই নতুন যাত্রায় মিমি দত্তকে দেখা যাবে এক একেবারে ভিন্নরকম চরিত্রে। প্রযোজনা সংস্থা এন আইডিয়াজের প্রযোজনায় তৈরি এই ধারাবাহিকে মিমির বিপরীতে থাকছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বনাথ বসু। গল্পে স্বামী-স্ত্রীর ভূমিকায় প্রথমবার ছোটপর্দায় একসঙ্গে দেখা যাবে মিমি ও বিশ্বনাথকে।

আরও পড়ুনঃ শেষ কথোপকথন! মহানায়কের অন্তিম মুহূর্তে ভাইকে বলা সেই শব্দগুলো আজও কাঁপিয়ে দেয় হৃদয়!

এই নতুন জুটি এবং নতুন প্ল্যাটফর্ম—দুটি মিলিয়ে মিমি দত্তর কামব্যাক নিয়ে টেলিপাড়ায় শুরু হয়েছে ইতিমধ্যেই আলোচনার ঝড়। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে দর্শক দেখতে পাবেন এই ভিন্ন স্বাদের কাহিনি ও অনবদ্য জুটিকে ছোটপর্দায়।