টেলিভিশনের টিআরপি তালিকায় এখন প্রায় নিয়মিতভাবেই শীর্ষে দেখা যায় ‘পরিণীতা’ ধারাবাহিককে। গত কয়েক সপ্তাহ ধরে এই ধারাবাহিকই প্রথম স্থানে রয়েছে। দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয় হয়েছে এর গল্প এবং নায়ক-নায়িকার রসায়ন। তবে অনেকেই জানেন না, পর্দায় যাঁদের এত সুন্দর বোঝাপড়া দেখা যায়, শুরুতে তাঁদের সম্পর্ক কিন্তু একেবারেই সহজ ছিল না।
এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন ঈশানি চট্টোপাধ্যায় এবং তাঁর বিপরীতে রয়েছেন উদয় প্রতাপ সিং। পর্দায় তাঁদের জুটি দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। কিন্তু সম্প্রতি সমাজমাধ্যমে ঈশানি জানান, প্রথম দিকে তিনি নাকি উদয়কে খুব ভয় পেতেন। এমনকি একসময় তাঁর সঙ্গে কথা বলতেও সাহস পেতেন না অভিনেত্রী।
ঈশানি একটি পোস্টে ‘পরিণীতা’র লুক সেটের সময়ের কয়েকটি ছবি শেয়ার করেন। সেই ছবির সঙ্গে তিনি লেখেন, তখনও তাঁদের মধ্যে তেমন পরিচয় হয়নি। নতুন হিসেবে সেটে এসেছিলেন তিনি, আর সেই সময় প্রথমবার হবু নায়কের পাশে দাঁড়াতে গিয়ে বেশ নার্ভাস লাগছিল তাঁর। কেমন করে কথা শুরু করবেন, সেই চিন্তাই ঘুরছিল মাথায়।
ঈশানির কথায়, ক্যান্ডিড ছবির জন্য তাঁদের বিভিন্ন আবেগে কথা বলতে বলা হয়েছিল। সেই সময় মজা করে উদয় একটি মন্তব্য করেন, যা শুনে তিনি ভেবেছিলেন হয়তো তাঁকে অপমান করা হচ্ছে। সেই ভুল বোঝাবুঝির কারণেই প্রায় এক মাস তিনি উদয়ের সঙ্গে খুব বেশি কথা বলেননি
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে বাতিল কলকাতার কনসার্ট! অসুস্থতার জন্য অনুষ্ঠান পিছোলেন সুনিধি চৌহান!
তবে পরে খুব দ্রুতই তাঁর ভুল ধারণা ভেঙে যায়। ঈশানির মতে, উদয় বাস্তবে একেবারেই অন্যরকম মানুষ। সময়ের সঙ্গে তাঁদের বন্ধুত্বও গড়ে ওঠে। বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকটি ৬.০ নম্বর পেয়ে টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে এবং জি বাংলার পর্দায় নিয়মিত সম্প্রচারিত হচ্ছে।





