ছোটপর্দায় অভিনেতা নীল ভট্টাচার্যের ফেরাকে ঘিরে সম্প্রতি বেশ আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছিল, নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’-র মাধ্যমে আবার মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। ধারাবাহিকটির একটি প্রচার-ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যা দেখার পর থেকেই দর্শকের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে নায়ক-নায়িকা কারা হবেন, তা নিয়ে কৌতূহল বাড়ছে।
তবে এই জল্পনায় জল ঢেলেছেন নীল নিজেই। অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, ‘ঘূর্ণি’ ধারাবাহিকের নায়ক হিসেবে তাঁকে দেখা যাবে না। তাঁর কথায়, এ নিয়ে যে খবর ছড়িয়েছে তার অনেকটাই ভুল। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, তা হলে এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কারা।
ধারাবাহিকের সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্রের দাবি, এখনও পর্যন্ত শুধু একটি প্রচার-ঝলকই প্রকাশ করা হয়েছে। কারণ, নায়ক ও নায়িকার নাম এখনও চূড়ান্ত হয়নি। ইন্ডাস্ট্রির অন্দরে নানা ধরনের গুজব ছড়ালেও বাস্তবে এখনও অডিশন প্রক্রিয়া চলছে। খুব শিগগিরই প্রধান চরিত্রে কারা থাকবেন, সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেই আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ মেয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগে প্রিয়াঙ্কা চোপড়া! মালতীকে গোপনীয়তা রক্ষায় বাড়ল সুরক্ষা ব্যবস্থা!
গত কয়েক মাসে ছোটপর্দায় একাধিক ধারাবাহিক শেষ হয়েছে এবং তার জায়গায় নতুন গল্প শুরু হয়েছে। নতুন ধারাবাহিকগুলিতে অনেক ক্ষেত্রেই নতুন মুখকে দেখা যাচ্ছে। এর মধ্যেই ‘ঘূর্ণি’-র ঝলক প্রকাশ্যে আসার পর দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। ঝলকের অল্প কিছু অংশ থেকেই ইঙ্গিত মিলেছে, ক্রিকেটকে ঘিরেই এগোবে এই ধারাবাহিকের মূল গল্প।
অন্য দিকে সম্প্রতি আরও বেশ কয়েকটি নতুন ধারাবাহিকের ঘোষণা হয়েছে। সেখানে প্রথম বার ছোটপর্দায় জুটি বাঁধতে চলেছেন রণজয় বিষ্ণু ও অভীকা মালাকার। পাশাপাশি আদৃত রায় ও সুস্মিতা দে-র জুটি নিয়েও জোর জল্পনা রয়েছে। ইতিমধ্যেই ‘গঙ্গা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে হিয়া মুখোপাধ্যায় ও সাহেব ভট্টাচার্যকে। আবার ‘সংসার সংকীর্তণ’ ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন মানালি দে ও সব্যসাচী চৌধুরী। এ বার ‘ঘূর্ণি’-তেও কি নতুন জুটি আসবে, নাকি ফিরবে পুরনো কোনও জুটি, সেই উত্তর জানার অপেক্ষায় দর্শক।





