স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’ শুরু হওয়ার পর থেকেই দর্শকদের নজর কেড়েছে গল্পের মোড়। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু, অভিকা মালাকার এবং স্বপ্নিলা চক্রবর্তী। বিশেষ করে খলনায়িকা ঝুমকির চরিত্রে স্বপ্নিলার অভিনয় প্রশংসা পাচ্ছে। পাশাপাশি অভি ও ছুটির নতুন জুটিও দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
বর্তমান গল্পে দেখা যাচ্ছে, ছুটির প্রকৃত পরিচয় গোপন রাখতেই প্রথম দিন থেকেই তার বিরুদ্ধে একের পর এক পরিকল্পনা করছে ঝুমকি। কিন্তু প্রতিবারই তার চেষ্টা ব্যর্থ হচ্ছে। অন্যদিকে সময়ের সঙ্গে আরও গভীর হচ্ছে অভি ও ছুটির সম্পর্ক, যা ঝুমকির অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে।
এবার ছুটিকে সবার সামনে অপমান করার জন্য নতুন ফন্দি আঁটে ঝুমকি। ঠাকুরের জন্য রাখা গয়না আগেই লুকিয়ে ফেলে সে। পরে যাতে কেউ সেই গয়না খুঁজে না পায়, তাই বাড়ির পাশের পুকুরে ছুড়ে ফেলে দেয়। উদ্দেশ্য একটাই, সব দোষ ছুটির ঘাড়ে চাপিয়ে তাকে পরিবারের সামনে ছোট করা।
তবে ঝুমকির এই পরিকল্পনার আভাস পেয়ে যায় ছুটি। পরিবারের সম্মান রক্ষার জন্য কারও কথা না শুনেই সে পুকুরে নেমে গয়না খুঁজতে শুরু করে। ঠিক তখনই অভি জানায়, ছুটি আদৌ সাঁতার জানে কি না, সে নিজেও নিশ্চিত নয়। অভির এই কথায় পরিবারের সকলেই উদ্বিগ্ন হয়ে পড়ে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
আরও পড়ুনঃ জন্মদিনের ছুটি পরিণত হল দুঃস্বপ্নে! দুবাইয়ে হাসপাতালে ভর্তি জ্যাসমিন বাসিন! কি হয়েছে অভিনেত্রীর?
এখন দর্শকদের মনে একাধিক প্রশ্ন ঘুরছে। ছুটি কি সত্যিই সাঁতার জানে না? সে কি বিপদে পড়বে, নাকি অভি তাকে উদ্ধার করবে? আবার এমনও হতে পারে, শেষ মুহূর্তে অন্য কোনও চমক অপেক্ষা করছে। এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ৩ জুলাই, শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত এক ঘণ্টার বিশেষ মহাপর্বে।





