বাংলা টেলিভিশনে আবারও একটি জনপ্রিয় ধারাবাহিকের সফর শেষ হল। স্টার জলসার ‘রাঙামতি তিরন্দাজ’ দীর্ঘদিন দর্শকদের মনোরঞ্জন করার পর সম্প্রতি শেষ সম্প্রচারিত হয়েছে। ৬০০-রও বেশি পর্ব পার করা এই মেগা শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ অনুরাগীদের। সমাপ্তির পর নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন ধারাবাহিকের নায়ক নীলাঙ্কুর।
পর্দায় ‘একলব্য’ চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। ধারাবাহিক শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন অভিনেতা। সেখানে তিনি জানান, এই যাত্রা তাঁর কাছে অত্যন্ত বিশেষ ছিল। একই সঙ্গে তিনি প্রযোজক ও পরিচালক সুশান্ত দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যিনি তাঁর ওপর প্রথম দিন থেকেই আস্থা রেখেছিলেন।

পোস্টে নীলাঙ্কুর লিখেছেন, অভিনয় জগতে যখন তিনি খুব বেশি পরিচিত ছিলেন না, তখনই তাঁকে এই গুরুত্বপূর্ণ সুযোগ দেওয়া হয়েছিল। সেই কারণেই তিনি এই সাফল্যের বড় অংশের কৃতিত্ব প্রযোজককে দিয়েছেন। পাশাপাশি স্টার জলসাকেও ধন্যবাদ জানিয়েছেন, কারণ এই ধারাবাহিকের মাধ্যমে তিনি নিজের অভিনয়ের পাশাপাশি অন্য প্রতিভাও তুলে ধরার সুযোগ পেয়েছেন।
শুধু প্রযোজক বা চ্যানেল নয়, ধারাবাহিকের সহ-অভিনেতা ও সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন নীলাঙ্কুর। বিশেষভাবে তিনি সহ-অভিনেত্রী মনীষা মণ্ডলের অভিনয়ের প্রশংসা করেছেন। এছাড়া পর্দার মা হিসেবে অভিনয় করা চান্দ্রেয়ী ঘোষের নামও উল্লেখ করেছেন। তাঁর কথায়, চান্দ্রেয়ী শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অত্যন্ত আন্তরিক একজন মানুষ।
আরও পড়ুনঃ টলিউডের দলবদল! রাজনীতি নিয়ে বি’স্ফোরক সুদীপা! তারকাদের উদ্দেশে দিলেন কড়া বার্তা!
ধারাবাহিকের পরিচালক, ক্রিয়েটিভ টিম এবং অন্যান্য শিল্পীদেরও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। দীর্ঘ এই পথচলায় যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রত্যেকের অবদান তিনি স্মরণ করেছেন। ‘রাঙামতি তিরন্দাজ’ শেষ হলেও এই ধারাবাহিকের স্মৃতি এবং সহকর্মীদের সঙ্গে কাটানো মুহূর্ত তাঁর কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে বলেই জানিয়েছেন নীলাঙ্কুর।





