স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতী তীরন্দাজ’-এ সম্প্রতি একের পর এক নতুন চরিত্রের আগমনে গল্পে এসেছে নতুন মোড়। তথাগত মুখোপাধ্যায় এবং সোমু সরকারের এন্ট্রির পর থেকেই ধারাবাহিকে মা-মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। এবার সেই গল্পেই যোগ হতে চলেছে আরও বড় চমক। নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে বাড়ছে কৌতূহল।
নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, বিহুকে তার এক বন্ধু তার আসল পরিচয় মনে করিয়ে দেয়। সে জানায়, বিহুর মা আর কেউ নন, বিখ্যাত তীরন্দাজ রাঙামতী। সেই সঙ্গে সে বিহুকে জোনাল শুটিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যও উৎসাহ দেয়। বন্ধুর কথায় রাজি হয়ে প্রতিযোগিতায় নাম লেখায় বিহু। মেয়ের এই সিদ্ধান্তে খুশি হয় রাঙামতীও। সে মনে করতে শুরু করে, এবার হয়তো তার মেয়ে ভুল পথ ছেড়ে নিজের প্রতিভা দিয়ে সাফল্য অর্জন করবে।
তবে গল্পে মোড় আসে ঠিক তার পরেই। প্রতিযোগিতার মঞ্চে গিয়ে বিহুর আচরণ দেখে সন্দেহ তৈরি হয়। রাঙামতী যখন ভাবছে মেয়ের ভবিষ্যৎ নতুন পথে এগোচ্ছে, তখন দেখা যায় বিহুর আসল লক্ষ্য অন্য কিছু। শুটিং রিংয়ে অংশ নেওয়ার আড়ালে সে এক ব্যক্তিকে টার্গেট করে গুলি চালানোর চেষ্টা করে। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে তীর ছুঁড়ে সেই গুলির দিক বদলে দেয় রাঙামতী এবং বড় বিপদ এড়ায়।
প্রোমোতে আরও দেখা যায়, কেউ ইচ্ছাকৃতভাবে মা ও মেয়ের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করছে। রাঙামতী স্পষ্ট জানিয়ে দেয়, কোনওভাবেই সে এই সম্পর্ক ভাঙতে দেবে না। অন্যদিকে বিহুর মনে এখনও মাকে নিয়ে নানা ভুল ধারণা কাজ করছে। সেই কারণেই সে বারবার ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে। এখন দেখার, রাঙামতী কীভাবে মেয়েকে সঠিক পথ দেখায় এবং এই ষড়যন্ত্রের জাল থেকে তাকে বের করে আনে।
আরও পড়ুনঃ নায়িকা থেকে বিধায়ক! দাপটের সঙ্গে টলিগঞ্জে পাপিয়া অধিকারী! টলিউডে ফের ‘জলওয়া’ দেখানোর বার্তা অভিনেত্রীর!
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, বৃন্দা বিহুর হাতে গুলি ভর্তি বন্দুক তুলে দিয়ে তাকে প্রতিশোধ নিতে উসকানি দেয়। সেই সময় বিহুর মনে পড়ে মায়ের পুরনো কথা, যেখানে রাঙামতী তাকে দেশের হয়ে মেডেল জেতার স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু মায়ের প্রতি জমে থাকা অভিমানই এখন বিহুকে ভুল পথে ঠেলে দিচ্ছে। আগামী ১৫ মে এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে। বর্তমানে ‘রাঙামতী তীরন্দাজ’ স্টার জলসায় প্রতিদিন রাত ১১টায় দেখানো হচ্ছে।





