টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ আবারও নতুন মোড় নিতে চলেছে। সম্প্রতি এই মেগা তার পুরনো স্লট হারিয়ে রাত ১১টার স্লটে সম্প্রচারিত হচ্ছে। আগে সন্ধ্যা সাড়ে সাতটার সময় দর্শকদের মন জয় করত এই সিরিয়াল, কিন্তু এখন সেই জায়গায় এসেছে নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’। অনেকেই ভেবেছিলেন এই পরিবর্তনের ফলে হয়তো ‘রাঙামতি তীরন্দাজ’ শেষের পথে, তবে নির্মাতারা ভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।
গল্পে এসেছে বড় সময়ের লাফ, আর সেই সঙ্গে যুক্ত হয়েছে একেবারে নতুন প্রজন্মের ট্র্যাক। এখন ফোকাস করা হচ্ছে রাঙামতির মেয়ের জীবনের ওপর, যা দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। এই নতুন অধ্যায়ে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সোমু সরকারকে, যিনি ‘বিহু’ চরিত্রে ইতিমধ্যেই নিজের ছাপ ফেলতে শুরু করেছেন।
তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সোমুর বিপরীতে কে অভিনয় করবেন। দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে জানা গেল, এই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষভ চক্রবর্তীকে। অভিনেতা নিজেই এই খবর নিশ্চিত করেছেন, ফলে ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নতুন জুটির কেমিস্ট্রি কেমন হবে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সবাই।
ঋষভ চক্রবর্তী এর আগে ‘পরিণীতা’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। সেখানে তিনি ‘ঋক সুন্দর’ চরিত্রে অভিনয় করেছিলেন, যা দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। তার অভিনয়ের গভীরতা এবং সংযত প্রকাশভঙ্গি তাকে আলাদা করে চিহ্নিত করেছে ছোটপর্দায়।
আরও পড়ুনঃ কাস্টিং কাউচের ভয়ঙ্কর অভিজ্ঞতা, সাহসী জবাবে পরিস্থিতি সামলালেন মাদালসা শর্মা
‘পরিণীতা’তে তার চরিত্রের সঙ্গে জড়িয়ে ছিল আবেগ, স্বপ্ন এবং আত্মপ্রতিষ্ঠার লড়াই। কর্পোরেট দুনিয়া ছেড়ে থিয়েটারে নিজের পরিচয় গড়ে তোলার গল্প দর্শকদের মন ছুঁয়েছিল। এবার ‘রাঙামতি তীরন্দাজ’-এ নতুন চরিত্রে তাকে দেখা যাবে, যা গল্পে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করা হচ্ছে। এখন দেখার, এই নতুন জুটি দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে।





